আসাদুজ্জামান নূরের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। একই সঙ্গে জামায়াত-শিবির ও তাদের দোসরদের প্রতিরোধে নিজ নিজ এলাকায় সংগঠিত হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় উৎসব, ২০১৩-এর প্রাক্কালে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানানো হয়।

গত শনিবার নীলফামারীর রামগঞ্জে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে দফায় দফায় হামলা করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ ঘটনায় পাঁচজন নিহত হন।

সমাবেশে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী বলেন, এটি শুধু আসাদুজ্জামান নূরের ওপর হামলা নয়। এটি সব প্রগতিশীল সংস্কৃতিকর্মীর ওপরে হামলা। এই হামলার পর আর ঘরে বসে থাকার সময় নেই। জোটের সহসাধারণ সম্পাদক আহকাম উল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ। সমাবেশের সঙ্গে সংহতি জানায় উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন। একই ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু।