আসাদের বীরত্বগাথা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি
আজ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। আইয়ুব খানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে ১৯৬৯ সালের এই দিনে পুলিশের গুলিতে শহীদ হন নরসিংদীর শিবপুর উপজেলার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমানউল্লাহ মোহামঞ্চদ আসাদ। তাঁর বীরত্বগাথা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে তরুণ প্রজন্ম। নরসিংদী সরকারি কলেজের স্নাতক (সমঞ্চান) শ্রেণীর ছাত্র মেহেদী হাসান বলেন, তারুণ্য শক্তির অনুপ্রেরণা আসাদের গৌরবময় আত্মত্যাগের ইতিহাস বর্তমান প্রজন্মের অনেকেরই অজানা। অবিলম্বে তাঁর বীরত্বগাথা পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা হোক। শহীদ আসাদের পৈতৃক নিবাস শিবপুরের মাছিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার প্রথম আলোকে বলেন, আসাদের আত্মত্যাগের পথ ধরেই স্বৈরাচারী শাসকের পতন এবং মুক্তিযুদ্ধের পথ সুগম হয়েছিল। কিন্তু কেবল আসাদ দিবস এলেই তাঁর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁকে নিয়ে সামান্য আলোচনা হয়। সরকারি শহীদ আসাদ কলেজের উপাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের কলেজটি শহীদ আসাদের নামে নামকরণ করা হয়েছে। কিন্তু শহীদ আসাদ সম্পর্কে এখনো দেশের মানুষ খুব কম জানে। এটা অত্যন্ত লজ্জাজনক।’ শহীদ আসাদকে কেবল তাঁর মৃত্যুবার্ষিকীতে নয়, সব সময় স্মরণে রাখার মতো উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়েছেন তাঁর বড় ভাই প্রকৌশলী এফ এম রশীদুজ্জামান। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে সকালে প্রভাতফেরি, আসাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৪২ সালের ১০ জুন জন্ম হয় শহীদ আসাদের। তাঁর বাবা মাওলানা মো. আবু তাহের তখন হাতিরদিয়া ছাদত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আসাদের পৈতৃক ভিটা শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে।