আসাফ্উদ্দৌলাহ্র বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সচিব মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ্র বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না—তা সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে ১৯ আগস্ট তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে এ রুল জারি করেন।জানা গেছে, ‘আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন আসাফ্উদ্দৌলাহ্’ শিরোনামে ৭ আগস্ট একটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, জাতীয় প্রেসক্লাবে মুক্তি আন্দোলন নামের একটি সংগঠনের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন আসাফ্উদ্দৌলাহ্। অনুষ্ঠানে তিনি আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এখনো উচ্চ আদালতে মামলার জন্য আইনজীবীদের নিরপেক্ষ কোর্ট খুঁজতে হয়। আইনজীবীদের কালো কোট ও কালো গাউন কেন হবে—এমন প্রশ্নও ছিল তাঁর। বাংলাদেশের প্রেক্ষাপটে আইনজীবীদের অন্য পোশাক হতে পারে। বিচারপতিদের দেবতুল্য মনে না করার আহ্বান জানিয়ে আসাফ্উদ্দৌলাহ্ বলেন, কোনো বিচারক ঘুষ নিলে কেন তা বলা যাবে না। এটা বললে কেন আদালত অবমাননা হবে—তা তাঁর বোধগম্য নয়।গতকাল প্রতিবেদনটি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আলী আহমেদ। শুনানির পর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য অ্যামিকাস কিউরি (আইনি সহায়তাকারী) হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, আবদুর রব চৌধুরী, এ এফ এম মেজবাহউদ্দিন, আনিসুল হক, আবদুল মতিন খসরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক এম বদরুদ্দোজাসহ ১৩ জনের নাম ঘোষণা করা হয়।