আসাফ্উদ্দৌলাহ্র বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের নির্বাহী পরিচালক মো. আসাফ্উদ্দৌলাহ্র বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা হয়েছে। কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গতকাল মঙ্গলবার এ মামলা করেন জেলা আইনজীবী সমিতির সদস্য মলয় কান্তি ভৌমিক।বাদী তাঁর আরজিতে বলেন, দৈনিক সংবাদ পত্রিকার গত ৪ এপ্রিল সংখ্যায় ‘দেশের বুদ্ধিজীবীরা কলকাতায় গিয়ে বর্ণবাদী হিন্দুদের সংস্কৃতিচর্চায় মত্ত হয়’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। ওই খবর অনুযায়ী ঢাকা সিরডাপ মিলনায়তনে নাগরিক নাট্য সম্প্রদায় আয়োজিত একটি সেমিনার হয়। এতে মো. আসাফ্উদ্দৌলাহ্ বলেন, ‘মাথায় সিঁদুর দেওয়ার ইতিহাস খুব লজ্জার। দেশের মুসলমান মেয়েরাও এখন সিঁদুর পরে।’বাদী মলয় কান্তি ভৌমিক জানান, এ বক্তব্য হিন্দুসম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। কারণ হিন্দুধর্মাবলম্বীরা সিঁদুরকে নারীর সতীত্বের প্রতীক হিসেবে দেখেন। আসাফ্উদ্দৌলাহ্ সংখ্যালঘু হিন্দুদের পাশাপাশি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন বলেও উল্লেখ করা হয়।এ বিষয়ে গতকাল রাতে মো. আসাফ্উদ্দৌলাহ্র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কখনোই কথা বলি না। তবে যখন আমাদের সংস্কৃতির মধ্যে অন্য সংস্কৃতির প্রবেশ লক্ষ করি, তখন দুঃখিত হই।’