আসাম থেকে কাজীপুর হাতি যাবে কত দূর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজীপুরের যুক্তগাছা চরে হাতিটি। গতকাল তোলা ছবি l প্রথম আলো
কাজীপুরের যুক্তগাছা চরে হাতিটি। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ভারতের আসাম রাজ্য থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে গত ২৮ জুন বন্যার পানিতে ভেসে আসা হাতিটি বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর যুক্তগাছা চরে উঠেছে। খাবারের অভাবে ক্ষিপ্ত হয়ে ওঠা বন্য হাতিটি গত রোববার রাত ১২টার দিকে উপজেলার খাস রাজবাড়ী গ্রামে ঢুকে চারটি ঘর ভাঙচুর করেছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাতিটি রাত ১২টার দিকে খাস রাজবাড়ী গ্রামে ঢুকে পড়লে গ্রামবাসীকে সতর্ক করতে মসজিদের মাইকে প্রচার করা হয়। এ সময় গ্রামবাসী ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে চলে যান। পরে লোকজন জমায়েত হলে হাতিটি চরে ফিরে যায়। যাওয়ার সময় হাতিটি মহর আলীর একটি, মোগল মিয়ার একটি ও দুলাল হোসেনের দুটি ঘর ভাঙচুর করে।
খাস রাজবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রাজু মিয়া বলেন, হাতিটি ক্ষুধার্ত হয়ে ক্রমেই ক্ষিপ্ত হয়ে উঠছে। ইতিপূর্বে মনসুরনগর ইউনিয়নের চরে থাকা অবস্থায় ধানগাছ পেয়েছিল। এখন আশপাশের সব চরে পানি ওঠায় ধানগাছ তলিয়ে গেছে। যে কারণে খাবারের অভাবে এটি দুর্বল হয়ে পড়েছে। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ড বলেন, হাতিটি আগের মতো খাবার না পেয়ে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। যে কারণে একটু ক্ষিপ্ত হয়ে উঠছে।
ঘটনাস্থলে উপস্থিত বন বিভাগ ঢাকার বন্য প্রাণী সংরক্ষক অসীম মল্লিক বলেন, হাতিটিকে দেখার জন্য শত শত মানুষ নৌকা নিয়ে ঘিরে থাকছেন। যে কারণে হাতিটি একটু ক্ষিপ্তও হয়ে উঠছে। প্রধান বন সংরক্ষক অসিত রঞ্জন পালের আজ মঙ্গলবার ঢাকা থেকে এখানে আসার কথা রয়েছে। তিনি দেখে প্রয়োজনীয় নির্দেশ দেবেন।
অসিত রঞ্জন পাল হাতিটিকে দেখার জন্য আজ এখানে আসার কথা নিশ্চিত করে বলেন, কয়েক দিন আগে ভারতে গিয়ে ভারতের বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা আসবেন। তাঁরা আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৮ জুন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ব্রহ্মপুত্র নদের পানিতে ভেসে আসা হাতিটি জামালপুরের মাদারগঞ্জ, বগুড়ার সারিয়াকান্দি হয়ে ১৮ জুলাই সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম ছিন্নার চরে আশ্রয় নেয়। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাতিটি উপজেলার খাস রাজবাড়ী ইউনিয়নে বন্যার পানিতে ডুবে যাওয়া যুক্তগাছা চরে অবস্থান করছিল।