আসাম, পশ্চিমবঙ্গ, বিহারকে যুক্ত করে ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় সরকার আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে আসাম, পশ্চিমবঙ্গ ও বিহারের মধ্যে সংযোগের জন্য মানস-সাংকোশ-তিস্তা-গঙ্গা প্রকল্প বাস্তবায়ন করতে চায়। এ জন্য শিগগিরই তিন রাজ্যের কাছে মতামত চাওয়া হবে।
ভারতের পানিসম্পদ প্রতিমন্ত্রী সানওয়ার লাল জাত গত সোমবার দিল্লিতে আন্তনদী সংযোগসংক্রান্ত বিশেষ কমিটির বৈঠকে এ তথ্য জানান। ভারতের তথ্য অধিদপ্তর ও টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
প্রস্তাবিত মানস-সাংকোশ-তিস্তা-গঙ্গা প্রকল্পটি হবে ভারতে আন্তনদী সংযোগের পঞ্চম প্রকল্প। গত সোমবারের বৈঠকে ভারতের পানিসম্পদ প্রতিমন্ত্রী সানওয়ার লাল জাত বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি তিন রাজ্যের জন্য সেচ ও পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বাড়তি পানি দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে সরবরাহ করা হবে। আসাম, পশ্চিমবঙ্গ ও বিহারের রাজ্য সরকার প্রস্তাবে সায় দিলে কীভাবে এটি বাস্তবায়িত হবে, তা নিয়ে সরকার বিস্তারিত প্রকল্প প্রতিবেদন করবে।
নদী সংযোগের প্রথম প্রকল্প হচ্ছে কেন-বেতওয়া, যা নিয়ে গত সোমবারের বৈঠকে আলোচনা হয়েছে। এ বছরের শেষ দিকে এটির কাজ শুরু হবে। এ ছাড়া অন্য তিনটি প্রকল্প মন্ত্রিসভার অনুমোদনের আগে বিভিন্ন পর্যায়ে রয়েছে।
এই আন্তনদী সংযোগ নিয়ে বাংলাদেশ যেমন বিরোধিতা করছে, ভারতের ভেতরে এ নিয়ে বিরোধিতা আরও বেশি।পরিবেশবাদীদের এ বিরোধিতার কারণে প্রকল্প বাস্তবায়ন দীর্ঘায়িত হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ঢাকা সফর শেষে প্রচারিত যৌথ ইশতেহারেও বলা হয়েছে, গৌরনদী সংযোগ প্রকল্পে ভারত এমন কোনো প্রকল্প একতরফাভাবে নেবে না, যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়।
গৌরনদী সংযোগের সর্বশেষ পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের কর্মকর্তারা উদ্ধৃত হয়ে কোনো মন্তব্য করতে চাননি। দুই দেশের পানিসম্পদ আলোচনার সঙ্গে যুক্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা মনে করেন, মানস-সাংকোশ-তিস্তা-গঙ্গা প্রকল্প নিয়েই যদি ভারত এগোতে চায়, তাতে উদ্বেগের খুব একটা কারণ নেই।বরং পশ্চিমবঙ্গ তিস্তা অংশে বাড়তি পানি পেলে রাজ্যের মুখ্যমন্ত্রীর পানি নিয়ে উদ্বেগ কমবে। এতে তিস্তা চুক্তি সইয়ের প্রক্রিয়া ত্বরান্বিত হবে। কারণ তিস্তায় পানি কমে যাওয়ায় তিনি চুক্তিটি সইতে সময় নিচ্ছেন।