ভারতের আসাম রাজ্যের বনগাইগাঁও-সংলগ্ন বরনগর থেকে বাংলাদেশের পার্বতীপুরের বড়পুকুরিয়া হয়ে ভারতের বিহারের কাটিহার পর্যন্ত প্রায় ৩০০ কিলোমিটার দীর্ঘ উচ্চক্ষমতার একটি বিদ্যুৎ গ্রিড নির্মাণ করা হবে। বিদ্যুৎ খাতে বাংলাদেশ-ভারত সহযোগিতা-সংক্রান্ত যৌথ স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুই দেশের বিদ্যুৎসচিবের নেতৃত্বাধীন এই কমিটির একাদশ সভা গতকাল বুধবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় ত্রিপুরা থেকে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আনার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশকে (পিজিসিবি) প্রস্তুতি চূড়ান্ত করতে বলা হয়েছে।
বাংলাদেশ সেখান থেকে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ চায়। কিন্তু নিজেদের লাইনের সীমাবদ্ধতার কারণে এখনই ৬০ মেগাওয়াটের বেশি আনা যাবে না বলে পিজিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এ ছাড়া আগামী অক্টোবরে ভারতের বহরমপুর থেকে কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে বাংলাদেশ আরও ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করতে পারবে।
বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম পবলেন, ত্রিপুরা ও বহরমপুর থেকে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত চূড়ান্তই। এ ছাড়া আসাম-পার্বতীপুর-বিহার গ্রিডের মাধ্যমে ভারতের পূর্বাঞ্চলে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন করা হবে। বাংলাদেশ এই গ্রিড থেকে পর্যায়ক্রমে কয়েক হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাবে।
স্টিয়ারিং কমিটির সভায় আরও যেসব বিষয় আলোচিত হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, বাংলাদেশ ও ভারত যৌথ উদ্যোগে ভারত ও ভুটানে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে। ভুটানের ১ হাজার ১২৫ মেগাওয়াট ক্ষমতার কুরী-১ পানিবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ, ভারত ও ভুটান যৌথভাবে বিনিয়োগ করবে। এই বিদ্যুতের প্রায় সবটাই বাংলাদেশ আমদানি করবে। ভারতে যৌথ বিনিয়োগ হবে বাংলাদেশ ও ভারতের।
বহরমপুর থেকে ভেড়ামারা হয়ে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু করতে ২০১৮ সাল গড়িয়ে যাবে। কারণ, এ জন্য ভেড়ামারায় বিদ্যমান গ্রিড উপকেন্দ্রের মতো আরেকটি উপকেন্দ্র নির্মাণ করতে হবে। সে জন্য ইতিমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে। সেটির কাজ শেষ হওয়ার কথা ২০১৮ সালের মাঝামাঝি সময়ে।
স্টিয়ারিং কমিটির সভায় বলা হয়, ভারতীয় বেসরকারি কোম্পানি জিএমআর নেপালে যে পানিবিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে, সেখান থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানির উদ্যোগ নিতে পারে। এ ছাড়া নেপাল থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করতে পারে। ভারতের করপোরেট প্রতিষ্ঠান আদানি, রিলায়েন্স ও শাপুরজী পালংজী বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগ ও বিদ্যুৎ সরবরাহের যেসব প্রস্তাব দিয়েছে, তা নিয়ে আলাপ-আলোচনা চলবে।
সভায় ভারতের নেতৃত্ব দেন সে দেশের বিদ্যুৎসচিব প্রদীপ কুমার পূজারি। সভার আগে কমিটির সদস্যরা রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণস্থল পরিদর্শন করেন। কাজের অগ্রগতিতে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।
যৌথ স্টিয়ারিং কমিটি এবং ওয়ার্কিং গ্রুপের পূর্ববর্তী সভা অনুষ্ঠিত হয় গত নভেম্বরে, দিল্লিতে। এর পরবর্তী সভাও আগামী ডিসেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হবে।