আসাম-বাংলাদেশ সীমান্ত এক বছরের মধ্যে সিল করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দুই বছর সময় নিয়েছিলেন, কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নির্দেশ, এক বছরের মধ্যেই আসাম-বাংলাদেশ সীমান্ত চূড়ান্তভাবে ‘সিল’ করে দিতে হবে। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে রাজনাথ সিং এই নির্দেশ দিয়েছেন।

এই নির্দেশের পাশাপাশি ঠিক হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান থেকে যেসব হিন্দু ভারতে চলে এসেছেন, চলতি বছরের মধ্যেই তাঁদের নাগরিকত্বের অধিকার দেওয়া হবে। সে জন্য ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে সংশোধন আনা হচ্ছে। তার খসড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চূড়ান্ত করেছে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ও পাকিস্তান থেকে চলে আসা অন্তত দুই লাখ হিন্দু ভারতের নাগরিকত্ব পাবেন।

গত লোকসভা ভোটের সময় বিজেপির ইশতেহারে এই দুটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। আসামের ভোটের প্রচারেও ‘সীমান্ত সিল’ ছিল অন্যতম প্রধান প্রতিশ্রুতি। প্রথমবার আসামে ক্ষমতা দখলের পর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাঁর প্রথম সংবাদ সম্মেলনে দুই বছরের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার কাজ শেষ করার অঙ্গীকার করেছিলেন। কিন্তু বৃহস্পতিবারের বৈঠকে রাজনাথ সিং জানিয়ে দেন, আগামী বছরের জুন
মাসের মধ্যেই এই কাজ সরকার শেষ করবে। অর্থাৎ সময় ঠিক এক বছর।

ওই বৈঠকে রাজনাথ সিং, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু, সীমান্ত ব্যবস্থাপনা সচিব সুশীল কুমার ও অন্য পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে আসামের মোট সীমান্তের মধ্যে ২২৩ দশমিক ৭ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ। তবে ১২২টি জায়গায় মোট ৬০ দশমিক ৭ কিলোমিটার বেড়া দেওয়া বাকি। এর মধ্যে ১০০ এলাকা রয়েছে, যেখানে মোট ১১ দশমিক ৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া যাবে। বাকি ২২টি জায়গা রয়েছে, যার মোট এলাকা ৪৮ দশমিক ৮ কিলোমিটার, প্রধানত নদী এলাকা। এই এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না। তাই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হবে।

সীমান্ত সিল করার অর্থ প্রধানত দুটি। মানুষ পারাপার ও চোরাচালান বন্ধ করা। কিন্তু মানুষের পারাপার বন্ধে সীমান্তরক্ষীদের সজাগ থাকার প্রস্তাবও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বলা হয়েছে, জীবন ও সম্পত্তিহানির আশঙ্কায় যেসব হিন্দু ভারতে আসতে চাইছেন, তাঁদের যেন ‘অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে আটকানো না হয়। সরকার ইতিমধ্যে এই বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে চলে আসা এসব শরণার্থীর ভিসার মেয়াদ এক বছরের জায়গায় পাঁচ বছর করা হচ্ছে। শরণার্থীদের ছেলেমেয়েদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি, তাদের আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও রেশন কার্ডের বন্দোবস্ত করা হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোট ২৬টি বিশেষ শিবিরের আয়োজন করেছে। ওই শিবিরগুলোতে দীর্ঘমেয়াদি ভিসা ও নাগরিকত্বের আবেদন গ্রহণ করা হয়।

হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিও বিজেপির দেওয়া। লোকসভা ভোটের সময় নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির সব নেতাই এই প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছিলেন। এ জন্য ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে সংশোধন আনা হচ্ছে যাতে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ ত্বরান্বিত ও সহজ হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র অনুযায়ী, সেই খসড়া ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। সংশোধন আনা হচ্ছে ১৯২০ সালের পাসপোর্ট আইন ও ১৯৪৬ সালের বিদেশি আইনেও।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, প্রায় দুই লাখ হিন্দু ভারতের নাগরিকত্ব পাওয়ার আগ্রহ দেখিয়েছেন। সরকারের সিদ্ধান্ত, চলতি বছরের ১৫ আগস্টের মধ্যেই এসব হিন্দু শরণার্থীকে ভারতের নাগরিক করে নেওয়া হবে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে যাঁরা ভারতে চলে এসেছেন, আপাতত তাঁদেরই এই অধিকার দেওয়া হবে।

এদিকে গতকাল ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক খবরে বলা হয়, কেন্দ্রীয় সরকারের আইন ও বিচারমন্ত্রী ডি ভি সদানন্দ গোড়া বলেছেন, এ বছরই বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করবে ভারত সরকার। এরপর কাউকে অবৈধভাবে কোনো দেশে যেতে দেওয়া হবে না। নাগাল্যান্ডের কোহিমায় গতকাল সাংবাদিকদের এ কথা বলেন গোড়া। তিনি বলেন, বেড়া দেওয়া হলে বাংলাদেশ থেকে ‘অবৈধ অনুপ্রবেশ’ দ্রুত বন্ধ হবে।