
’৭৪-এর স্থল সীমান্ত চুক্তিটি পুরোপুরি বাস্তবায়নে ২০১১ সালে একটি প্রটোকল সই করেছিল বাংলাদেশ ও ভারত। ছিটমহল ও অপদখলীয় ভূমি বিনিময় এবং সাড়ে ছয় কিলোমিটার সীমান্ত চিহ্নিত করাই ছিল এর লক্ষ্য। চুক্তিটি বাস্তবায়নে ভারতের সংসদে উত্থাপনের জন্য সংবিধান সংশোধনী বিল থেকে আসামকে বাদ দেওয়ার কথা উঠেছিল। তবে গত রাতে কংগ্রেসের চাপে আসামকে রেখে কাল বুধবার বিলটি রাজ্যসভায় উঠছে।
অবশ্য সীমান্ত বিলে কোনো কারণে পরিবর্তন আনা হলে তা দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে অমীমাংসিত সমস্যার সমাধানকে আরও বিলম্বিত করতে পারে। সীমান্ত চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে এক দশক ধরে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন এমন কয়েকজন সরকারি কর্মকর্তা ও দুই দেশের সাবেক কূটনীতিকেরা গত রবি ও গতকাল সোমবার প্রথম আলোর কাছে এ আশঙ্কার কথা জানান। বাংলাদেশ ও ভারতের সাবেক কূটনীতিকেরা মনে করেন, অনেকটা অগ্রসর হওয়ার পর সীমান্ত বিল বাস্তবায়িত না হলে তা হবে নিতান্তই দুর্ভাগ্যজনক।
বিজেপি সরকার আসামকে বাদ দিয়ে সীমান্ত বিলটি বাস্তবায়ন করতে চেয়েছিল। আর কংগ্রেস এ প্রক্রিয়ার বিরোধিতা করছে। কংগ্রেস বলছে, রাজ্যসভায় পেশ করা মূল বিলে আসামকে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। এখন আসামকে বাদ দেওয়া দলটি মেনে নেবে না। কংগ্রেস শাসনাধীন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আসামকে বাদ দেওয়ার চেষ্টার আপত্তি জানিয়েছেন। কংগ্রেস রাজ্যসভায় বিরোধিতা করলে এই সংবিধান সংশোধন বিল দুই-তৃতীয়াংশের সমর্থনে পাস হওয়া কঠিন।
তবে কংগ্রেসের চাপে শেষ পর্যন্ত আসামকে রেখেই কাল বুধবার রাজ্যসভায় সীমান্ত বিল উঠছে। গতকাল রাতে বিজেপির সভাপতি অমিত শাহর সভাপতিত্বে তাঁর বাসায় দলের আসাম রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। লোকসভায় বিজেপির সদস্য রমেন ডেকা গত রাতে প্রথম আলোকে বলেন, সীমান্ত বিল থেকে আসামকে বাদ দেওয়া হলে কংগ্রেস বিরোধিতা করবে বলে জানিয়েছিল। তাই দেশের বৃহত্তর স্বার্থে আসামকে রেখেই বিলটি উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যসভায় পাস হলে বিলটি লোকসভায় আনা হবে। লোকসভার অধিবেশন শেষ হবে ৮ মে। সরকারি সূত্র বলছে, বিলটি নিয়ে
জটিলতা থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরও অনিশ্চিত হয়ে পড়বে।
এদিকে সীমান্ত বিলে পরিবর্তন নিয়ে সরব রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। গতকাল গুয়াহাটিতে নরেন্দ্র মোদির সমালোচনা করে গগৈ বলেন, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে দ্বিমুখী আচরণ করছেন প্রধানমন্ত্রী। গত বছর প্রধানমন্ত্রী চুক্তিটি আসামের জন্য ভালো হবে বলেছিলেন। তবে এখন কেন তিনি চুক্তি থেকে আসামকে বাদ দিতে চাইছেন?
দুই প্রতিবেশীর স্থল সীমান্ত নিয়ে সমস্যা সমাধানের জন্য ২০০১ সালে যৌথ সীমান্ত কার্য দল গঠন করা হয়েছিল। ওই কার্য দলের সঙ্গে যুক্ত এক কূটনীতিক এ প্রতিবেদককে বলেন, ভারত তখন সবগুলো বিষয় একসঙ্গে সমাধান না করে একটির পর একটি সমাধানের জন্য অনানুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশ তখন তাতে সায় দেয়নি। বাংলাদেশের যুক্তি ছিল, এমনিতেই চার দশক পরও বিষয়গুলো ঝুলে আছে। আবারও আংশিকভাবে সমস্যাগুলোর সমাধান মানেই নতুন করে দীর্ঘসূত্রতা তৈরি করা।
এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা মনে করেন, একই বিষয়ে দুবার আন্তর্জাতিক চুক্তি সই হয়েছে, এমন কোনো চুক্তিতে ভারতের একতরফাভাবে পরিবর্তন আনার সম্ভাবনা কম। ভারত যে পরিবর্তন আনছে, তা নিয়ে বাংলাদেশকে যেকোনো পর্যায়েই হোক না কেন জানানোর কথা।
জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল দুপুরে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘সীমান্ত চুক্তিতে পরিবর্তন আনা হচ্ছে কি না, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানি না।’ তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাসহ অন্য রাজ্যগুলো এবং অন্যান্য রাজনৈতিক দল কী বলছে, সেটি একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে বাংলাদেশ সরকারের কিছু বলার নেই। তবে এটি সুস্পষ্টভাবেই বলতে চাই, ৪০ বছর আগে সই হওয়া মুজিব-ইন্দিরা চুক্তি এবং ২০১১ সালে সই হওয়া প্রটোকল এখনো ভেলিড (বৈধ) আছে। চুক্তিটি এখন বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আমরা অত্যন্ত আশাবাদী ও আনন্দিত যে ভারতের সংসদে এটি উপস্থাপিত হতে যাচ্ছে। এটি এখন বাস্তবায়নের ব্যাপার। বাস্তবায়নের ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ বিষয়ের কারণে এতে আংশিক কোনো পরিবর্তন এলে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা এলে আমরা তা ভেবে দেখব। তবে পুরো বিষয়টিকে আমরা ইতিবাচকভাবে দেখছি। আমরা আশাবাদী যে ভারতের সংসদে এটি উত্থাপনের মধ্য দিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে যাচ্ছে।’
তবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে শেষ পর্যন্ত চুক্তিটি আবারও পিছিয়ে গেলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকেরা। এই চুক্তির অন্যতম প্রধান পাত্র বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার গতকাল প্রথম আলোকে বলেন, ২০১১ সালে দুই দেশই যৌথ উদ্যোগ নিয়েছিল। দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা প্রথমবারের মতো ছিটমহলগুলো ঘুরে কত মানুষ কোথায় থাকে, তা প্রথমবার গুনেছিলেন। ভারতের রাজ্য সরকারগুলোর প্রতিনিধিরাও সঙ্গে ছিলেন। সব দিক খতিয়ে দেখে এই দীর্ঘ সমস্যার গ্রহণযোগ্য সমাধানে একটা সার্বিক চুক্তি হয়। সেই চুক্তির সার্বিক বাস্তবায়ন প্রয়োজন।
চুক্তি ঘিরে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় ভারতের বাংলাদেশের সাবেক হাইকমিশনার তারিক করিমও অখুশি। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিলটি পাস না হলে তা হবে নিতান্তই দুর্ভাগ্যজনক। কত পরিশ্রম করে এই চুক্তিটা করতে হয়েছে, তা আমি জানি। চুক্তি নিয়ে কেউ আদালতের দ্বারস্থ হলে অবস্থা আরও জটিল ও দীর্ঘায়িত হয়ে পড়বে। বেরুবাড়ী হস্তান্তর সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। তাতে সমস্যার সমাধান বিলম্বিত হয়েছিল।’
এই জটিলতায় একই রকম অখুশি বাংলাদেশে নিযুক্ত ভারতের তিন সাবেক হাইকমিশনার মুচকুন্দ দুবে, দেব মুখার্জি ও পিনাকরঞ্জন চক্রবর্তী। মুচকুন্দ দুবে ও দেব মুখার্জি মনে করেন, আসামের নির্বাচন এই বিলটির পথে অন্তরায় হলে সেটা ভারতের প্রধানমন্ত্রীর পক্ষে একটা ভালো বিজ্ঞাপন হতে পারে না। দুজনেরই প্রশ্ন, একটা আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়িত হবে কি না, সেটি কী করে এক রাজ্যের একটি রাজনৈতিক দল ঠিক করতে পারে? আসামের চাপে কেন্দ্রীয় সরকার মাথা নোয়ালে কেন্দ্রের কর্তৃত্বই খর্ব হবে। মুচকুন্দ দুবে বলেন, এরপর ভারতের প্রধানমন্ত্রীর কথাকে প্রতিবেশীরা গুরুত্ব না দিলে তার জন্য প্রধানমন্ত্রীই দায়ী থাকবেন।
বিস্মিত দেব মুখার্জি বলেন, নরেন্দ্র মোদি দুবার শেখ হাসিনাকে এই চুক্তি নিয়ে কথা দিয়েছিলেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও কাঠমান্ডুতে সার্কের আসরে। এখন পিছিয়ে গেলে প্রধানমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা ধাক্কা খাবে। প্রতিটি দেশেরই তাদের চরিত্র নিয়ে গর্ব থাকা উচিত। কথা দিয়ে কথা না রাখা একটা ব্যাধি। লজ্জার বিষয়। দুজনেই মনে করেন, একটা আন্তর্জাতিক চুক্তি যেভাবে তৈরি হয়েছে সেভাবেই তা অনুমোদিত হতে হয়। খণ্ডিতভাবে কিছু করা যায় না।
পিনাক রঞ্জন চক্রবর্তী মনে করেন, বাস্তবায়নটা ভারতকেই করতে হবে। সরকার তেমন মনে করলে সংসদের দুই কক্ষের যুগ্ম অধিবেশন ডেকে বিলটি পাস করাতে পারে।
প্রসঙ্গত, সীমান্ত চুক্তি বাস্তবায়নে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার যে বিলটি রাজ্যসভায় পেশ করে, তাতে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য সরকারদের সম্মতিও ছিল। এখন বিজেপি সরকার সেই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া থেকে আসামকে সাময়িকভাবে বাদ দিতে চেয়েছিল। কারণ, আগামী বছর আসাম বিধানসভার নির্বাচন। রাজ্য বিজেপি সেই নির্বাচনে জিততে সীমান্ত চুক্তির বিরোধিতা শুরু করেছে। তাদের দাবি, এই চুক্তির ফলে আসাম ২৬৮ দশমিক ৪ একর জমি হারাবে। কংগ্রেসের বক্তব্য, মূল বিলটি যেমন রয়েছে তেমনভাবেই তা পাস করাতে হবে। আসামকে বাদ রাখা যাবে না। তরুণ গগৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে বলেন, চুক্তির ফলে আসামের লাঠিটিলা-ডুমাবাড়ী এলাকায় ৭১৪ একর জমি ভারতের পাওনা হবে। অন্যদিকে ধুবড়ির কলাবাড়ী এলাকায় ১৯৩ দশমিক ৮৫ একর ও করিমগঞ্জ এলাকার পাল্লাখালে ৭৪ দশমিক ৫৫ একর জমি বাংলাদেশে যাবে। এই আদান-প্রদানের নিট লাভ হবে আসামের, ৪৪৫ দশমিক ৬ একর জমি। অতএব, বিজেপি ২৬৮ দশমিক ৪ একর জমি হারানোর যে দাবি জানাচ্ছে তা অসত্য। তরুণ গগৈ ২০১১ সালে মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশ সফরে গিয়েছিলেন। এই চুক্তিতে তাঁরও সম্মতি ছিল।