আসামকে বাদ রেখে চুক্তি রূপায়ণের চিন্তা ভারতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। ভারতের আসামের বিজেপি নেতৃত্বের তীব্র আপত্তির ফলে চুক্তি রূপায়ণের আওতা থেকে আপাতত ওই রাজ্যকে বাদ দেওয়া যায় কি না, তা নিয়ে দেশটির কেন্দ্রীয় স্তরে নতুন করে ভাবনা-চিন্তা শুরু হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু এই ভাবনার কথা স্বীকার করে সংবাদমাধ্যমকে বলেন, ‘আসামে এ নিয়ে প্রবল বিক্ষোভ রয়েছে। সমস্যা দেখা দিয়েছে। কাজেই এই রাজ্যকে চুক্তি রূপায়ণের আওতা থেকে আপাতত বাইরে রাখা যায় কি না তা ভেবে দেখা হচ্ছে।’
যদিও পুরো উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা এই মন্ত্রণালয়ের একজন উচ্চ আধিকারিক গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রী কী বলেছেন জানি না। তবে নতুন ভাবনা-চিন্তার কোনো খবর আমার জানা নেই।’ তাঁর প্রশ্ন, ‘সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর এমন কিছু করা যায় কি? মনে রাখতে হবে এটা একটা আন্তর্জাতিক চুক্তি।’
সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতে সংবিধান সংশোধন বিল সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেই পাস হওয়ার কথা। অধিবেশন শুরু হচ্ছে ২০ এপ্রিল, চলবে ৮ মে পর্যন্ত।
সীমান্ত চুক্তি বাস্তবায়িত হলে ছিটমহল বিনিময় ও সীমান্তরেখা নতুন করে নির্ধারণের ফলে দুই দেশের মধ্যে জমির যে আদান-প্রদান ঘটবে, তাতে একমাত্র আসামকে ২৬৮ দশমিক ৩৯ একর জমি বাংলাদেশকে ছেড়ে দিতে হবে। স্বাধীনতার সময় থেকে এই জমি খাতা-কলমে আসামের থাকলেও কার্যত তা বাংলাদেশেরই দখলে আছে। ফলে এমনিতে আসামের কোনো লোকসানই নেই। কিন্তু জমি চলে যাওয়ার এই বিষয়টা এমনই ভাবাবেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যে রাজ্য বিজেপি বিধানসভা ভোটের আগে কোনো ঝুঁকি নিতে চাইছে না।
আসামের বিজেপি সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্য গতকাল প্রথম আলোকে বলেন, ‘জমি সব সময়ই স্পর্শকাতর বিষয়। কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেওয়ার সময় নিশ্চয় রাজ্যের মানুষের ভাবাবেগকে গুরুত্ব দেবে।’ কেন্দ্র কী করতে চায় সে বিষয়ে কোনো নির্দিষ্ট ধারণা না থাকলেও সিদ্ধার্থ ভট্টাচার্য বলেন, ‘আমরা চাই আসামকে এর আওতা থেকে বাইরে রাখতে।’ তাঁর দাবি অনুযায়ী, আসামে আদালত-ঘোষিত প্রায় ৬০ হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। বাংলাদেশ যদি এঁদের ফেরত নিতে রাজি হয়, তাহলে ওই ২৬৮ একর জমি বাংলাদেশকে দিতে তাঁরা আপত্তি করবেন না। সিদ্ধার্থ বলেন, ‘ব্রহ্মপুত্রের বন্যায় প্রতিবছর এর চেয়ে বেশি জমি হাতছাড়া হয়। তবে এটা আসামের জনগণের স্বাভিমানের প্রশ্ন।’
২০১৬ সালের মে মাসে আসাম বিধানসভার নির্বাচন। কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে বিজেপি এই রাজ্য দখলের স্বপ্ন দেখছে। লোকসভার ভোটে রাজ্যের ১৪টি আসনের মধ্যে বিজেপি সাতটি পেয়েছিল। ভোট পেয়েছিল ৩৬ দশমিক ৫ শতাংশ। তুলনায় কংগ্রেস পেয়েছিল ২৬ দশমিক ৬ শতাংশ ভোট। এই অবস্থায় সীমান্ত চুক্তি বাস্তবায়িত হলে তাদের রাজনৈতিক সম্ভাবনা নষ্ট হবে বলে রাজ্য বিজেপি নেতাদের ধারণা।
সিদ্ধার্থ ভট্টাচার্য বলেন, ‘কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের অবস্থান জানে। সীমান্ত বিল এই অধিবেশনেই আসবে বলে আমাদের ধারণা। সেখানে সরকার নিজে থেকে প্রস্তাবিত বিলে পরিবর্তন আনতে পারে, না হলে সংশোধনী আনা হতে পারে।’ আন্তর্জাতিক চুক্তিতে এমন সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনার ভিত্তিতে সব কিছুই সম্ভব। বাংলাদেশকেও বুঝতে হবে—কিছু না পাওয়ার চেয়ে আংশিক প্রাপ্তিও ভালো।’
বেঙ্গালুরু বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেও বিষয়টি আলোচিত হয়েছিল। সেখানে আসামের নেতারা দলীয় সভাপতি অমিত শাহকে জানান, চুক্তি বাস্তবায়িত হলে বিধানসভার ভোটে এর বিরূপ প্রতিফলন ঘটতে পারে। দলীয় সূত্র অনুযায়ী, তখন থেকেই নতুন করে ভাবনা-চিন্তার শুরু। কিন্তু কীভাবে তা করা সম্ভব? বিশেষ করে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন চুক্তি বাস্তবায়নে তাঁর সিদ্ধান্তের ঘোষণা শুনিয়ে রেখেছেন এবং যত দ্রুত বাংলাদেশ সফরে যেতে আগ্রহী। এই অবস্থায় নতুন যে সমাধানসূত্রটি বিবেচিত হচ্ছে তা হলো, চুক্তি বাস্তবায়নে ১১৯তম সংবিধান সংশোধন বিলটি পাস হলেও আসামে তা রূপায়ণ করা হবে না। পশ্চিমবঙ্গ, মেঘালয় ও ত্রিপুরার সীমান্ত নতুনভাবে নির্ধারিত হলেও ভোট না হওয়া পর্যন্ত আসামকে তার আওতা থেকে বাইরে রাখা হবে। প্রধানমন্ত্রী বিদেশ সফর করে ফিরলে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সংসদ চলার সময়ই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ২৬ ও ২৭ এপ্রিল আসাম সফরে যাবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা অবশ্য এই সমাধানসূত্রে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর মতে, ‘এটি একটি আন্তর্জাতিক চুক্তি। চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে ৪০ বছর আগে। ২০১১ সালে এই বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী একটি প্রটোকলও স্বাক্ষর করেছেন। জমির চিহ্নিতকরণও শেষ এবং এ-সংক্রান্ত ম্যাপও দুই দেশ গ্রহণ করেছে। রাজ্যগুলোকেও তা দেওয়া হয়েছে এবং তাদের সমর্থনও কেন্দ্রীয় সরকারের কাছে আছে। বাকি আছে শুধু চুক্তির রূপায়ণ। সেই রূপায়ণের ক্ষেত্রটিও দু দেশকেই করতে হবে। কারণ, রূপায়ণের অর্থ দুই দেশের সীমান্ত নতুনভাবে চিহ্নিতকরণ। এই অবস্থায় একতরফাভাবে ভারতের কিছু করার অধিকারই নেই। চুক্তির অদলবদল মানে নতুন চুক্তি করা। সে ক্ষেত্রে বাংলাদেশের সম্মতি আবশ্যক।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি অবশ্য এ কথাও জানান, চুক্তি রূপায়ণে তারা সব কিছু করলেও বাস্তবায়নের মূল দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
বাংলাদেশ হাই কমিশন সূত্রে গতকাল প্রথম আলোকে জানানো হয়, চুক্তি রূপায়ণের আওতা থেকে আসামকে বাদ রাখা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের কোনো আলোচনা হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ আধিকারিক গতকাল প্রথম আলোকে বলেন, বিল পাস হওয়ার অর্থ এই নয় যে রাতারাতি সব বাস্তবায়িত হয়ে যাচ্ছে। পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং অন্য বিভিন্ন বিষয়ের সমাধানে অনেক সময় লাগবে। এ জন্য সংশ্লিষ্ট চার রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগোচ্ছে। তিনি বলেন, ‘প্রতিমন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। নির্বাহী কর্মকর্তা (নোডাল মিনিস্ট্রি অফিশিয়াল) হিসেবে বলতে পারি, আসামকে বাইরে রেখে চুক্তি বাস্তবায়নের বিষয়ে আমার কিছু জানা নেই।’
বিজেপির এই নতুন ভাবনার খবরে বিস্ময় প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিম। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘এই সরকারই স্থায়ী কমিটিকে তাড়া দিয়েছিল বিলটি যাতে দ্রুত অনুমোদন করা হয়। স্থায়ী কমিটি সর্বসম্মতভাবে শুধু বিলটি অনুমোদনই করেনি, সরকারকে অবিলম্বে তা পাস করানোর আরজিও জানিয়েছিল। এখন দেখা যাচ্ছে, সেই সরকার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে বিলটি নিয়ে টালবাহানা করছে!’
সেলিম আরও বলেন, ‘বিজেপি এত বছর ধরে বাংলাদেশবিরোধী মনোভাব পুষে এসেছে। এখন যা করতে চাইছে তা সেই সংকীর্ণতারই পিছুটান।’ এই কমিটিরই তৃণমূল সদস্য সুগত বসু প্রথম আলোকে বলেন, ‘স্ট্যান্ডিং কমিটির সর্বসম্মতভাবে অনুমোদনের পরও বিলটি না আসায় একটা সন্দেহ হচ্ছিল। এখন বোঝা যাচ্ছে বিজেপির কাছে দেশের বদলে একটা রাজ্যের স্বার্থ বড় হয়ে উঠছে। বন্ধু প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নয়নের একটা ঐতিহাসিক সুযোগ ভারতের কাছে এসেছে। টালবাহানায় সেটা বানচাল হলে তা হবে নিতান্তই দুর্ভাগ্যজনক।’