ছাত্রলীগের নেতা ইয়াছিন আরাফাত হত্যা মামলায় পুলিশের সন্ত্রাসী তালিকাভুক্ত অমিত মুহুরীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান শুনানি শেষে এ আদেশ দেন।
সরকারি সিটি কলেজ চট্টগ্রামের ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত হত্যা মামলায় অমিত মুহুরীকে ১৩ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। অমিত এর আগে অপর একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।
গত ১১ ফেব্রুয়ারি কলেজে ক্লাস শেষে নগরের নন্দনকানন এলাকার বাসায় ফেরার পথে ইয়াছিনকে আমতলা এলাকায় একটি হোটেলের সামনে ছুরিকাঘাত করে খুন করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, অমিতকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৩ আগস্ট চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকার রাণীর দীঘিতে একটি ড্রাম পাওয়া যায়। পুলিশ ড্রাম কেটে ভেতর থেকে লাশ উদ্ধার করে। লাশ গলে যাওয়ায় তখন পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করে। মামলার তদন্তে নিহতের পরিচয় বের হয়ে আসে। ওই হত্যায় জড়িত থাকার অভিযোগে ২ সেপ্টেম্বর কুমিল্লা সদরের একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে অমিতকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় অমিতকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে পুলিশ ইয়াছিন হত্যায়ও তাঁর জড়িত থাকার তথ্য পায়।
পুলিশ জানায়, অমিতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১৩টি মামলা রয়েছে। পূর্বাঞ্চল রেলের কোটি টাকার দরপত্র নিয়ে জোড়া খুনের মামলার আসামিও তিনি। যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরের অনুসারী অমিত। জোড়া খুনের মামলায় বাবরও আসামি।