আসামি আ.লীগ-সমর্থিত বাদী 'বিদ্রোহী প্রার্থী'
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হত্যা মামলার আসামি মো. ইউসুফ আলীকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউসুফ আলী বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। ওই হত্যা মামলার বাদী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান একই দল থেকে ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন দেওয়ান সাইদুর রহমানকে সমর্থন দেন। বিএনপি সমর্থিত প্রার্থী তালেব হোসেনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এবারও তিনি প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সমর্থন চেয়েছিলেন। কিন্তু সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে গোলাম মহিউদ্দিন ও সাইদুরের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ কারণে নির্বাচনে হত্যা মামলার আসামি ইউসুফ আলীকে জেলা আওয়ামী লীগ থেকে সমর্থন দেওয়া হয়। গত ১১ ফেব্রুয়ারি জেলা শহরের দলীয় কার্যালয়ে এক সভায় তাঁকে সমর্থনের বিষয়টি ঘোষণা দেওয়া হয়। আগামী ২৭ ফেব্রুয়ারি এই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হুদা চৌধুরি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি রাতে উপজেলার দাসকান্দি গ্রামে আওয়ামী লীগের সমর্থক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে ১০-১৫ জন মুখোশধারী সন্ত্রাসী হানা দেয়। সাইদুরের সঙ্গে চেহারায় মিল থাকায় ভুল করে সাইদুরের ভাতিজা রুবেল হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় আবিদ হাসান ও ইউসুফ আলীসহ আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন সাইদুর রহমান।
সাইদুর রহমান বলেন, ইউসুফ আলী এলাকায় প্রভাব বিস্তারের জন্য তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র করে আসছিলেন। ইউসুফ তাঁকে হত্যার পরিকল্পনা করেন। কিন্তু ভুলক্রমে তাঁর ভাতিজাকে খুন করা হয়।
ইউসুফ আলী বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখতেই তিনি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।’