পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় গ্রেপ্তার আবু নছর ওরফে গুন্নুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, কারাগারে আটক আবু নছর এই ঘটনায় জড়িত নয় দাবি করে তাঁর আইনজীবী জামিনের বিরোধিতা করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ৫ জুন নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন।
গত ৮ জুন এ ঘটনায় জড়িত সন্দেহে হাটহাজারী থেকে আবু নছর ওরফে গুন্নুকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে কোনো তথ্য পায়নি পুলিশ। পরে গুন্নুর স্ত্রী পারভীন আক্তার সংবাদ সম্মেলন করে দাবি করেন, ৩০ লাখ টাকা নিয়ে পুলিশ ষড়যন্ত্রমূলকভাবে তাঁর স্বামীকে এই মামলায় জড়িয়েছে। তাঁর স্বামী হাটহাজারীর একটি মাজারের খাদেম। ঘটনার আগে-পরে তিনি চট্টগ্রাম শহরে আসেননি।
আজ পারভীন আক্তার মোবাইলে প্রথম আলোকে বলেন, জড়িত না থাকায় পুলিশকেই বলতে হচ্ছে ঘটনায় গুন্নু জড়িত নন। তাহলে আর কত দিন বিনা দোষে কারাগারে থাকতে হবে তাঁর স্বামীকে ।
হত্যাকাণ্ডের ২১ দিন পর ২৬ জুন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার সংবাদ ব্রিফিংয়ে জানান, মুছার নেতৃত্বে মাহমুদা হত্যাকাণ্ড ঘটে। এতে ৭-৮ জন অংশ নেন। গ্রেপ্তার গুন্নু ও রবিন এই ঘটনায় জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। রবিন কারাগারে আটক রয়েছেন।
হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি ওয়াসিম ও আনোয়ার ২৬ জুন চট্টগ্রাম আদালতে জবানবন্দি দেন। এতে তাঁরা উল্লেখ করেন, হত্যাকাণ্ডে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, কামরুল সিকদার ওরফে মুছা ও মো. কালু অংশ নেন। তাঁদের মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন ওয়াসিম, মুছা ও নবী। মাহমুদাকে ছুরিকাঘাত করেন নবী। ভোলা অস্ত্র সরবরাহ করেন। জবানবন্দিতে আবু নছরের নাম আসেনি।
আসামিদের মধ্যে নবী ও রাশেদ ৫ জুলাই ভোরে রাঙ্গুনিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
মুছাকে ২২ জুন বন্দর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে দাবি করে আসছেন তাঁর স্ত্রী পান্না আক্তার। তবে পুলিশ তা অস্বীকার করে বলছে, মুছাকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে।
পলাতক রয়েছে আসামি কালু। পুলিশের হাতে গ্রেপ্তার আছে ওয়াসিম, আনোয়ার, শাহজাহান, মুছার ভাই সাইদুল শিকদার ওরফে সাকু, অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ওরফে ভোলা ও ভোলার সহযোগী মনির।