আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন গত বৃহস্পতিবার আদালতে দাখিল করা হয়েছে। আজ সোমবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ প্রতিবেদনের ওপর শুনানি হবে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের নির্দেশের পরিপ্রেক্ষিতে সিলেট কারা কর্তৃপক্ষের মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে প্রতিবেদনটি আদালতে পৌঁছানো হয়। আদালতের বিশেষ পিপি কিশোর কুমার কর জানান, আজ বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটির ধার্য করা তারিখে এ প্রতিবেদনের শুনানি হবে।
ওই ট্রাইব্যুনালে ১৩ সেপ্টেম্বর কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন করা হয়। এ সময় আরিফুল হকের অসুস্থতার বিষয়টি জানিয়ে তাঁকে ঢাকা অথবা দেশের বাইরের কোনো হাসপাতালে পাঠানোর জন্য তাঁর পক্ষের আইনজীবীরা আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার মধ্যে তাঁর অসুস্থতার বিষয়ে প্রতিবেদন দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।
কারাগার সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে আরিফুল হক চৌধুরীর স্বাস্থ্য পরীক্ষা করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি মেডিকেল বোর্ড। প্রতিবেদনে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন বলে মত দেওয়া হয়েছে। এ ব্যাপারে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারের জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সাংসদ আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। আরিফুল এ মামলায় সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামি হিসেবে কারাবন্দী রয়েছেন।