ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদকারী নাটোরের লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রশিদ হত্যা মামলায় গতকাল মঙ্গলবার আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।আদালত সূত্রে জানা যায়, জেলার বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মিজানুর রশিদ হত্যা মামলাটি বিচারের জন্য গতকাল দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ দিলীপ কুমার দেবনাথের আদালতে ওঠে। এ সময় মামলার আসামি মামুনুর রশিদ ওরফে আসিফ ও আবদুল আওয়াল ওরফে রাজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনের আবেদন করা হলে আসামিপক্ষ আপত্তি জানায়। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে ইভ টিজিং ও হত্যার অভিযোগ (৫০৯/৩০২/৩৪) গঠন করেন।এ সময় আসামিরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল হাই অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।লোকমানপুর কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করতে বারণ করায় আসামিরা গত বছরের ১২ অক্টোবর শিক্ষক মিজানুরকে মোটরসাইকেলে চাপা দিয়ে ও রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। ঘটনার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মিজানুরের মৃত্যু হয়।এ ব্যাপারে তাঁর ভাই মামনুর রশিদ বাদী হয়ে আসিফ ও রাজনের বিরুদ্ধে মামলা করেন। হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে সারা দেশ।