সাড়ে চার কোটি টাকা দামের দেড় লাখ ইয়াবা বড়ি উদ্ধারের পর পাঁচজনকে আসামি করে মামলা করেছিল সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। পুলিশ তদন্ত করে প্রধান আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে অভিযোগপত্র দিয়েছে। এই আসামির নাম আবদুস শুক্কুর। তিনি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদির ছোট ভাই।
মামলার কাগজপত্রে দেখা যায়, কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে গত বছরের ১০ ডিসেম্বর ইয়াবার এ চালান ধরা পড়ে। ওই সময় ইয়াবা বহনকারী দুজনকে হাতেনাতে আটক করা হয়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিজিবিকে জানিয়েছেন, ইয়াবার এ চালান আনিয়েছেন আবদুস শুক্কুর। তাঁরা শুধু বহন করেছেন।
টেকনাফ থানায় করা মামলার এজাহারের সঙ্গে বিজিবি আটক সাজ্জাদ হোসাইন (২৫) ও মোহাম্মদ জাবেরের লিখিত জবানবন্দি ও স্বীকারোক্তিমূলক ভিডিওচিত্র, উদ্ধার করা ইয়াবা, তিনটি মোবাইল ও অন্যান্য আলামত জমা দেয়। এজাহারে আবদুস শুক্কুর, দেলোয়ার হোসেন ও রুবেল মিয়াকে পলাতক দেখানো হয়।
আড়াই মাস তদন্ত করে গত ২৫ ফেব্রুয়ারি পুলিশ কক্সবাজার আদালতে অভিযোগপত্র দেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন মামলাটি নিজেই তদন্ত করেন।
জানতে চাইলে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘মিয়ানমার থেকেই মূলত বাংলাদেশে ইয়াবা আসে। গত সাড়ে চার মাসে বিজিবি প্রায় সাড় ছয় লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এর মধ্যে ১০ ডিসেম্বরের চালানটি ছিল এযাবৎকালের সবচেয়ে বড় চালান। ওই ঘটনায় হাতেনাতে গ্রেপ্তার সাজ্জাদ হোসেন জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেন, সাড়ে চার কোটি টাকা দামের ওই ইয়াবার চালান টেকনাফে নিয়ে আসেন জনৈক আবদুস শুক্কুর। এ কারণেই শুক্কুরকে এ মামলার প্রধান আসামি করা হয়।’ তিনি বলেন, ‘সম্প্রতি আমরা জানতে পেরেছি, পুলিশ তাঁকে বাদ দিয়েই অভিযোগপত্র দিয়েছে। এখন আদালত আমাদের ডাকলে বাদী হিসেবে আমরা এর বিরুদ্ধে নারাজি আবেদন জানাব।’
মামলাটির অভিযোগপত্র দেওয়ার সপ্তাহ খানেক পরেই টেকনাফ থানার ওসি ও তদন্ত কর্মকর্তা কক্সবাজারের চকরিয়া থানার ওসি হিসেবে বদলি হয়ে যান।
জানতে চাইলে ওসি ফরহাদ হোসেন গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘ঘটনা ঘটেছে ১০ ডিসেম্বর ভোরে। কিন্তু আবদুস শুক্কুর আগের দিন সন্ধ্যা সাড়ে সাতটায় বিমানে ঢাকায় গিয়েছেন বলে আমরা প্রমাণ পেয়েছি। তাঁর টিকিট, বোর্ডিং পাস সবই আমরা পেয়েছি। ৯ ডিসেম্বর রাতে ঢাকায় চলে গিয়ে ১০ ডিসেম্বর ভোরে কোনোভাবেই টেকনাফে আসা সম্ভব নয়। কাজেই তাঁকে মামলা থেকে বাদ দেওয়ার সুপারিশ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।’
গ্রেপ্তারকৃত এক আসামি তো বিজিবির কাছে আবদুস শুক্কুরের নাম বলেছিলেন। মামলার এজাহারেও তা বলা ছিল। সেই বক্তব্যের সিডিও তো দেওয়া হয়েছে। তার পরও আবদুস শুক্কুরের নাম বাদ দিলেন কেন—এ প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, ‘বিজিবি যেভাবে মামলা লিখেছিল তাতে এ মামলা চূড়ান্ত প্রতিবেদন দিতে হতো। কারণ, তাদের তথ্যে গরমিল ছিল। পুলিশ তদন্ত করে যা পেয়েছে তার ভিত্তিতেই অভিযোগপত্র দেওয়া হয়েছে।’ তিনি বলেন, আইন অনুযায়ী মাদক বা অস্ত্র উদ্ধারের ঘটনার সময় আসামিকে আটক করা না গেলে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া যায় না।
টেকনাফ থানা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মাদকের মামলায় সাধারণত মাদকসহ যাঁদের ধরা হয়, তাঁদেরই আসামি করা হয়। ঘটনার পেছনে যাঁরা থাকেন কিংবা যাঁরা মাদকের গডফাদার, তাঁদের বিরুদ্ধে খুব সহজে কিছু করার থাকে না। আর এ কারণেই মূল আসামিরা পার পেয়ে যান। পুলিশও কাউকে ছেড়ে দিতে চাইলে এ সুযোগ নেয়। তবে তথ্য-প্রমাণ থাকলে পুলিশ চাইলে অনেক কিছু করতে পারে। কিন্তু আবদুস শুক্কুর যেহেতু সাংসদের ভাই, তাই এ নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে।
এই কর্মকর্তা বলেন, বিজিবির মামলায় একটি ছোট্ট ত্রুটি ছিল। তাতে বলা হয়েছিল, আবদুস শুক্কুরসহ তিনজন পালিয়ে গেছেন। এটাই মূল দুর্বলতা। তবে পুলিশ চাইলেই এ দুর্বলতা সংশোধন করতে পারত। কিন্তু সেটা করা হয়নি।
অভিযোগপত্রে দেখা যায়, এ মামলায় মিয়ানমারের একজন নাগরিক মংমংকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু এজাহারে নাম থাকা পলাতক তিনজনকে গ্রেপ্তার করা হয়নি। অভিযোগপত্রে মংমংয়ের বিষয়ে বলা হয়, তিনি মিয়ানমারের নাগরিক। তিনি জামিনে বেরিয়ে চলে গেছেন। তবে তাঁর বিরুদ্ধেও সাক্ষ্য-প্রমাণ না পাওয়ার তাঁকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে পুলিশ।
তবে স্থানীয় সংশ্লিষ্ট সূত্র প্রথম আলোকে জানায়, ছোট ভাই শুক্কুরকে ইয়াবার মামলায় আসামি করা হচ্ছে এমন খবর পেয়ে সাংসদ আবদুর রহমান বদি ১০ ডিসেম্বর মঙ্গলবার রাত নয়টার দিকে স্থানীয় সাংবাদিক ও কয়েকজন পুলিশকে নিয়ে টেকনাফ পৌরসভার আবাসিক হোটেল নাফ ইন্টারন্যাশনালে যান এবং ৩১ নম্বর কক্ষ থেকে মিয়ানমারের সিটুও শহরের বাসিন্দা মংমংকে (৩৭) ধরে পুলিশের হাতে তুলে দেন। বদি তখন উপস্থিত সবাইকে বলেন, মংমং মিয়ানমার থেকে কাঠভর্তি ট্রলারে করে ইয়াবার ওই চালান টেকনাফ স্থলবন্দরের নিয়ে এসছিল। তিনিই এ চালানের মূল হোতা। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
এ মামলার বিষয়ে বক্তব্য জানতে আবদুস শুক্কুরের সঙ্গে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর চারটি মুঠোফোনই বন্ধ পাওয়া গেছে।
জানতে চাইলে সাংসদ আবদুর রহমান দাবি করেছেন, ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের আগে তাঁকে রাজনীতিকভাবে হেয় করতে একটি মহল ষড়যন্ত্র চালায়। তার অংশ হিসেবেই মিথ্যা তথ্য দিয়ে আবদুস শুক্কুরকে আসামি করা হয়। সে ওই ঘটনায় জড়িত নয়। তিনি বলেন, ‘ওই চালান এনেছিল মংমং। আমি নিজে তাঁকে ধরিয়ে দিয়েছিলাম। কিন্তু তিনি কীভাবে জামিন পেলেন, কীভাবে পালিয়ে গেলেন, তা আমারও প্রশ্ন।’
তবে অভিযানে অংশ নেওয়া বিজিবির একজন কর্মকর্তা জানান, তাঁরা আবদুস শুক্কুরকে চিনতেন না। ধরার পর (পরে আসামি) সাজ্জাদকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করা হয়েছিল, এত বিপুল টাকার এ ইয়াবা তিনি কীভাবে কিনলেন? কোথা থেকে এ টাকা পেলেন? তখন সাজ্জাদ বলেছিলেন, এগুলো আবদুস শুক্কুরের। এ কারণেই শুক্কুরকে মামলার আসামি করা হয়।