বরিশালের গৌরনদী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদ জমাদ্দার হত্যা মামলার আসামি কালু সরদারকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, কালু সরদারকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। শুনানি শেষে জ্যেষ্ঠ মহানগর হাকিম মো. তসলিম আরিফ গতকাল বুধবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।গত সপ্তাহে ফরিদ জমাদ্দারকে খুনের কথা স্বীকার করে কালু সরদার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এর পরও পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়।স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও রিমান্ডে নেওয়ার কারণ জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কালু নিজের ইচ্ছায় আদালতে খুনের কথা স্বীকার করেছেন। তাঁর জবানবন্দিতে কিছু অসংগতি থাকায় রিমান্ড চাওয়া হয়েছে।গত ২২ সেপ্টেম্বর সকালে গৌরনদী উপজেলার দক্ষিণ পিঙ্গলাকাঠি গ্রামে ফরিদ জমাদ্দারকে স্কুল থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ফরিদের পরিবারের পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন শরীফ ও কাজল হাওলাদারসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করা হয়। ২৬ অক্টোবর পুলিশ কালু সরদারকে গ্রেপ্তার করে। তবে মামলায় নাম উল্লেখ করা কোনো আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।