হত্যাচেষ্টার অভিযোগে ২২ বছর আগে যাঁদের বিরুদ্ধে মামলা করেছিলেন, গতকাল বুধবার আদালতের রায়ে তাঁরা সবাই খালাস পাওয়ায় খুশি হয়েছেন বাদী। খালাস পাওয়া ১৮ আসামির মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীও রয়েছেন।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ের আদেশে বিচারক উল্লেখ করেছেন, রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণে ব্যর্থ হয়েছে। সাক্ষীদের বক্তব্যে আসামিদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।
রায় ঘোষণার পর বাদী ও চট্টগ্রাম নগরের ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়ান সিদ্দিকী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আসামি আ জ ম নাছির আমার নেতা। বাকিরা সবাই বন্ধু ও রাজনৈতিক সহকর্মী। তৎকালীন বিএনপি সরকারের চাপে পড়ে মামলাটি করা হয়। চাপে পড়ে তাঁদের বিরুদ্ধে সাক্ষ্যও দিয়েছিলাম। এ রায়ে আমি খুশি।’
চাপে পড়ে মামলা করার বিষয়টি ওই সময় আদালতকে কেন জানাননি, এই প্রশ্নে তিনি বলেন, ‘ওই সময় বয়স কম ছিল। ভয়েও ছিলাম। এখন নিজের ভুল বুঝতে পেরেছি। তাই জেরাকালে আদালতে সত্য সাক্ষ্য দিয়েছি। এজাহারে কী লেখা ছিল জানতাম না। স্বাক্ষরটিও আমার না।’ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন না বলে জানান তিনি।
কোনো ধরনের হুমকি কিংবা ভয়ভীতিতে ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে সুফিয়ান সিদ্দিকী জানান, কেউ তাঁকে হুমকি বা ভয়ভীতি দেখাননি। যা সত্য তিনি তা-ই বলেছেন।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল প্রথম আলোর কাছে দাবি করেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি সরকার চাপ দিয়ে কাউকে দিয়ে এ মামলা করায়নি।
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি লালদীঘি মাঠে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সুফিয়ান সিদ্দিকীর ওপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে সুফিয়ান সিদ্দিকী কোতোয়ালি থানায় নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে বাদীসহ আট সাক্ষীর সাক্ষ্য নেন আদালত।