আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে গত রোববার রাতে অস্ত্র ও গুলিসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আ. বাতেন (৪৫)। তাঁর বাড়ি গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা গ্রামে। জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আজাহারুল ইসলাম জানান, আ. বাতেনকে বানিয়ারচালা গ্রামে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ফাঁড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তাঁর কাছে অস্ত্র আছে। পরে আবার তাঁকে তাঁর বাড়িতে নিয়ে শোবার ঘরের তোশকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাতেন ১৯৯৮ সালের জয়দেবপুর থানার একটি ডাকাতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক থেকে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন স্থানে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গাজীপুর প্রতিনিধি