প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক নারীকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানার পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে লোহাগড়া বাজারের ফয়েজ মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী হলেন পারভীন রূপসী (৩৮)। তাঁর বাড়ি উপজেলার লাহুড়িয়া কুলুপাড়ায়। লোহাগড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অলিয়ার রহমান বলেন, ওই নারী ঢাকায় ধাত্রীর কাজ করতেন। ১৯৯৭ সালে ঢাকার মিরপুর থানায় তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা হয়। এ দুই মামলায় বিচারক তাঁকে যাবজ্জীবন সাজা দেন। তখন থেকে তিনি পালাতক ছিলেন। তাঁকে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।