আসামি গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সাজ্জাদ হোসাইন ওরফে প্রান্ত হত্যার ১৮ দিন পরও এই ঘটনায় হওয়া মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন এলাকাবাসী।
প্রান্ত শহরের উকিলপাড়া এলাকার ব্যবসায়ী এনামুল হকের ছেলে। ২ আগস্ট শহরের শোলাকিয়া এলাকা থেকে তার ট্রেনে কাটা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
ওই ছাত্রের পরিবারের লোকজন ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, প্রান্ত স্মৃতি সংসদের উদ্যোগে প্রান্তের সহপাঠী ও স্থানীয় লোকজন গতকাল দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন করেন। এ সময় বক্তব্য দেন প্রান্তর বড় ভাই মোশারফ হোসেন, প্রান্ত স্মৃতি সংসদের সদস্যসচিব এস হোসেন প্রমুখ। এ সময় বক্তারা ঘটনার ১৮ দিন পরও মৃত্যুর রহস্য উদ্ঘাটন না হওয়া, ময়নাতদন্তের প্রতিবেদন না দেওয়া ও মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে তাঁরা আগামী রোববার ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়ার দাবিতে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন। ২ আগস্ট সন্ধ্যায় প্রান্ত বাসা থেকে বেরিয়ে যায়। কিন্তু রাতে বাসায় ফিরতে দেরি হওয়ায় তাকে স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ করেন। স্থানীয় লোকজন ওই দিন রাত নয়টার দিকে শহরের শোলাকিয়া এলাকায় তার ট্রেনে কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি সুভাষ কান্তি দাস জানান, এ ব্যাপারে এনামুল হক বাদী হয়ে হত্যার অভিযোগে একই এলাকার মাসুদ, রাব্বি ও নয়নের বিরুদ্ধে ৫ আগস্ট হত্যা মামলা করেছেন।