আসামি গ্রেপ্তার না হওয়ায় আইনশৃঙ্খলা সভায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শামীম মিয়া গ্রেপ্তার না হওয়ায় গতকাল মঙ্গলবার সভায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। শামীম মিয়া প্রকাশ্যে রাস্তায় শ্লীলতাহানি করলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর গোয়ালদী গ্রামের কলেজছাত্রী ফারহানা ইসলাম রিমি আত্মহত্যা করে।শামীম ও তাঁর ভাইয়ের অস্থাবর সম্পত্তি ক্রোকের জন্য গতকাল আদালতে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শামীমের শাস্তির দাবিতে মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রলীগ।উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার শুরুতে সকালে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারহানার আত্মহননের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এক বছর আগে পুলিশ তৎপর হয়ে শামীমকে গ্রেপ্তার করলে এমন ঘটনা হয়তো ঘটত না।কমিটির আরেক সদস্য সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন বলেন, ঘটনার চার দিন হলেও শামীমকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করতে পারেননি। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের সামনে বখাটে যুবকদের উৎপাত বেড়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন বলেন, ফারহানার আত্মহননের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হয়েছে, সোনারগাঁয়ে নারী নির্যাতন আগের যেকোনো সময়ের তুলনায় বেড়ে গেছে। যেকোনো উপায়ে শামীমকে গ্রেপ্তার করার জন্য তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের সামনে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে। শামীমকে গ্রেপ্তার করার জন্য দেশের বিভিন্ন স্থানে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে।শামীম গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব সরকারসহ কমিটির অন্য সদস্যরা। ফারহানা ইসলামের আত্মহননের প্ররোচনা দেওয়ার অভিযোগে ওই মামলার প্রধান আসামি শামীম মিয়া ও তাঁর ভাই শাহজালাল মিয়ার অস্থাবর সম্পত্তি ক্রোক করার জন্য আবেদন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন গতকাল নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আমলি আদালতে (খ অঞ্চল) একটি আবেদন করেছেন।আবেদনপত্রে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, দেশব্যাপী আলোচিত ন্যক্কারজনক এ ঘটনায় অভিযুক্ত আসামি শামীম মিয়া ও তাঁর ভাই শাহজালালকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও গ্রেপ্তার করা যাচ্ছে না। আসামিরা যাতে আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, এ জন্য তাঁদের অস্থাবর সব সম্পত্তি ক্রোক করা প্রয়োজন। এসআই মো. শাহাবুদ্দিন আবেদন করার কথার সত্যতা স্বীকার করে বলেন, আদালত এ ব্যাপারে আগামীকাল (আজ) বুধবার আদেশ দিতে পারেন। তিনি আরও জানান, আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।আত্মহননে প্ররোচনা দেওয়ার অভিযোগে শামীম মিয়াকে গ্রেপ্তার ও তাঁর ফাঁসির দাবিতে গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সোনারগাঁ ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক কায়সার রহমান প্রমুখ।ফারহানা শনিবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাঁর গতিরোধ করেন ঢাকার একটি ওষুধ কোম্পানির গাড়িচালক শামীম মিয়া। তিনি এ সময় প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে ফারহানার শ্লীলতাহানি ঘটান। একপর্যায়ে মেয়েটির ওড়না ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে যান শামীম। পরে ফারহানা অপমান-লজ্জায় স্থানীয় বাজার থেকে কীটনাশক কিনে রাস্তার একই স্থানে গিয়ে পান করে। মৃত্যুর জন্য শামীমকে দায়ী করে ফারহানা একটি চিরকুট লিখে যায়।শামীম এর আগেও ফারহানাকে নানাভাবে প্রস্তাব দেন ও হয়রানি করেন। বছর খানেক আগে বাড়িতে হামলা করে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। তখন গ্রাম্য সালিসে শামীমকে জরিমানা ও জুতাপেটা করা হয়। এ সময় ফারহানার বাবা রফিকুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেন।