আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে ঝাড়ুদারের ইনজেকশনে স্কুলছাত্রী ইমা আক্তারের মৃত্যুর ঘটনায় আসামি গ্রেপ্তারের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে ‘সম্মিলিত নাগরিক সমাজ’। গতকাল সোমবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়।সম্মেলনে লিখিত বক্তব্যে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির বলেন, ঘটনার ১১ দিন পরও অভিযুক্ত চিকিৎসক, নার্স ও ঝাড়ুদারকে গ্রেপ্তারসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি। সেই সঙ্গে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় পার হয়ে গেলেও তা প্রকাশ করা হচ্ছে না। ৫ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়া না হলে প্রাইমারি স্কুলের ক্লাস বর্জন, সড়ক অবরোধ এবং মিছিলের মাধ্যমে পুলিশ সুপার ও সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।সংবাদ সম্মেলনে নিহত স্কুলছাত্রীর বাবা জালাল উদ্দিন ও মা রেখা আক্তার অবিলম্বে তাঁদের মেয়ের খুনিদের গ্রেপ্তারসহ বিচার দাবি করেন। বাংলাদেশ মহিলা পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সুলতানা রাজিয়া ও সাধারণ সম্পাদক মায়া ভৌমিক, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো. শহীদুল্লাহ, যুবলীগের নেতা নজরুল ইসলাম জুয়েল, গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান, ব্যবসায়ী নেতা আবদুল কাদির মাসুমসহ বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠনের নেতারা কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, তদন্ত কমিটির সবাই বেসরকারি ক্লিনিকে রোগী দেখেন। তাঁদের সময় নেই, এমনকি মানসিকতাও নেই সঠিক সময়ে প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন প্রকাশ করার। তদন্ত কমিটির নামে পুরো বিষয়টিকে আড়াল করার চেষ্টা চলছে।ইমার স্বজনদের অভিযোগ, গত ২৪ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইমা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কর্তব্যরত চিকিৎসক হাবীবুর রহমান মানিক অর্থের লোভে ছাড়পত্র ছাড়াই তাকে একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার করেন এবং পুনরায় হাসপাতালে ফেরত দেন। পরবর্তীকালে গত ২৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় চিকিৎসকের পরামর্শমতো নির্ধারিত ইনজেকশন দেওয়ার জন্য কর্তব্যরত নার্স আকলিমা খাতুন হ্যাপীকে অনুরোধ করা হলে তিনি এ জন্য ৫০ টাকা দাবি করেন। পরে নার্স রাজি না হলে এ অবস্থায় ঝাড়ুদার রাফিজা আক্তার নীলুফা ইমার শরীরে ইনজেকশন দেন। এর পরই ইমার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।