জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানকে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টা মামলার আসামিদের পাঁচ দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে চেয়ারম্যানের পরিবার।
ভাদসা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গত শনিবার রাতে গুলি করে ও কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ সময় এক পথচারীও গুলিবিদ্ধ হন। দুজনই ঢাকায় চিকিৎসাধীন।
চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় তাঁর ছোট ভাই এনামুল হক রোববার ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও সাতজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। তিনি জানান, তাঁর ভাইয়ের ওপর হামলার পর থেকে বাড়িতে সাত-আটজন লোক রেখে পাহারা দিতে হচ্ছে। আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে। পুলিশ চেয়ারম্যানের পরিবারের নিরাপত্তার জন্যও সতর্ক রয়েছে।
মঙ্গলবার রাতে চেয়ারম্যানের বাড়ির পেছনে ককটেল ফাটানো হয়। চেয়ারম্যানের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে চেয়ারম্যানের বাড়ির পেছনে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। শব্দ শুনে এলাকার মানুষ ওই বাড়িতে ছুটে আসে। পুলিশও ঘটনাস্থলে যায়।
সদর উপজেলার ভাদসা ইউপির নির্বাচন দ্বিতীয় ধাপে গত ৩১ মার্চ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ (৫০) জয়লাভ করেন। তিনি শনিবার রাত ১০টার দিকে প্রতিবেশী পবিত্র কুমার বর্মণকে সঙ্গে নিয়ে দুর্গাদহ বাজার থেকে মোটরসাইকেলযোগে কোঁচকুঁড়ি গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে তাঁকে গুলি করে ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাঁর চিৎকারে নয়ন চন্দ্র নামের একজন এগিয়ে এলে তাঁর বুকে গুলি করা হয়।