বগুড়ার শিবগঞ্জে সুদের ১০০ টাকা দিতে না পারায় দাদন ব্যবসায়ীর লাথিতে গর্ভের সন্তান মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় এক মাসেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় মামলা তুলে নিয়ে অর্থের বিনিময়ে আপস-মীমাংসা করার জন্য আসামি পক্ষ চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলার দেউলী ইউনিয়নের বিলপাড়া গ্রামে গেলে মামলার বাদী রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজন অভিযোগ করেন, মামলা করার তিন দিন পরই চেয়ারম্যান তাঁদের নিজের বাড়িতে ডেকে নেন। এরপর চিকি ৎ সার জন্য যে খরচ হয়েছে সে টাকা নিয়ে মীমাংসার কথা বলেন। সেই সঙ্গে জানিয়ে দেন এ নিয়ে যেন আর থানা-পুলিশ না করা হয়। বিষয়টি এখন থেকে তিনিই দেখবেন। পরে কোনো টাকা তাঁদের দেননি। চেয়ারম্যানের এই কথার পর আর মামলার ব্যাপারে খোঁজখবর নেওয়ার সাহস পাচ্ছেন না তাঁরা।আসামি সাজাহান আলীর ভাবি সালমা বেগম (৫০) বলেন, মামলা তোলার জন্য থানার খরচ ও বাদীকে টাকা দেওয়ার কথা বলে চেয়ারম্যান ৬০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু এখনো মামলা তোলা হয়নি। এ সময় তাঁর স্বামী চান মিয়া জানান, ৬০ হাজার নয়, কিছু টাকা চেয়ারম্যানকে দেওয়া হয়েছে চিকি ৎ সার খরচের জন্য।দেউলী ইউপি চেয়ারম্যান জাহেদুল বলেন, ‘টাকা নেওয়ার প্রশ্নই আসে না। ঘটনার পর উভয় পক্ষ তাঁর কাছে বিষয়টি সুরাহার জন্য এসেছিলেন। তাই আমি উদ্যোগ নিয়ে মীমাংসার চেষ্টা করছি মাত্র।’মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘পেটের সন্তান যে লাথিতেই মারা গেছে, তার সনদ এখনো জমা দেয়নি বাদী পক্ষ। এ কারণে দেরি হচ্ছে।’সাজাহান আলী ও তাঁর স্ত্রী গোলাপী বেগমের কাছ থেকে একই গ্রামের দিনমজুর রফিকুল ইসলাম (৪০) ৫০০ টাকা দাদনের ওপর নিয়ে আসেন। পরে সুদসহ দাদনের টাকা পরিশোধের চেষ্টা করেন রফিকুল। কিন্তু অভাবের কারণে ১০০ টাকা বাকি থেকে যায়। গত ২৪ অক্টোবর বিকেলে রফিকুলের আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী গোলাপী বিবিকে সন্তান প্রসবের জন্য তাঁর মা নিতে আসেন। এ খবর পেয়ে সাজাহান আলীর স্ত্রী গোলাপী বেগম (৩২) রফিকুলের বাড়িতে গিয়ে পাওনা ১০০ টাকা দাবি করেন। কয়েক দিন পর এ টাকা পরিশোধের কথা বললে গোলাপী বেগম জোর করে বাড়ির হাঁসগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে গোলাপী বেগম গোলাপী বিবির পেটে লাথি মারেন। সঙ্গে সঙ্গে গোলাপী বিবি জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে বগুড়ার টেঙ্গামারা রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকি ৎ সক ২৬ অক্টোবর অস্ত্রোপচারের মাধ্যমে পেট থেকে একটি মৃত সন্তান বের করেন। এ ব্যাপারে গত ২৮ অক্টোবর প্রথম আলোয় ‘দাদন ব্যবসায়ীর লাথিতে গর্ভের সন্তানের মৃত্যু!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।