আসামি গ্রেপ্তারে অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত আরিফুন্নেসা
নিহত আরিফুন্নেসা

সিসিটিভির ফুটেজে হত্যাকারীকে দেখা যাচ্ছে। হত্যাকারী পেশাদার অপরাধী নন। তবু গতকাল শনিবার পর্যন্ত ব্যাংকার আরিফুন্নেসা আরিফার সন্দেহভাজন খুনি ফখরুল ইসলাম রবিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
১৬ মার্চ বৃহস্পতিবার যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফা ঢাকার সেন্ট্রাল রোডের বাসার সামনে খুন হন। ঘটনাস্থল থেকে পাওয়া সিসিটিভির ফুটেজে দেখা গেছে, আরিফা যে বাড়িতে ভাড়া থাকতেন এক ব্যক্তি সে বাড়ির দিকে কিছু মালপত্র নিয়ে যাচ্ছেন। তাঁর সঙ্গে সে সময় আরিফাও ছিলেন। কিছুক্ষণ পর ওই যুবক একা বেরিয়ে আসেন। বাড়ির বাসিন্দারা কিছুক্ষণ পরই ঘটনাস্থল থেকে রক্তাক্ত আরিফাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আত্মীয়স্বজনেরা ভিডিও ফুটেজ দেখে ওই ব্যক্তিকে ফখরুল ইসলাম হিসেবে শনাক্ত করেন।
গতকাল পর্যন্ত আরিফার খুনের ঘটনায় পুলিশ এজাহারভুক্ত একমাত্র আসামি ফখরুল ইসলামের কোনো খোঁজ পায়নি। আরিফার ভাই আবদুল্লাহ আল আমিন প্রথম আলোকে বলেন, পুলিশের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছিলেন। পুলিশ আসামি ধরার চেষ্টা করছে বলে জানিয়েছে। এর চেয়ে বেশি কোনো খবর তাঁদের কাছে নেই।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর বলেন, তাঁরা আসামি ধরতে এর মধ্যে বেশ কয়েকটি অভিযান চালিয়েছেন। এখনো অভিযান চলছে। দ্রুত আসামি ধরা পড়বে বলে তাঁরা আশা করছেন।
এদিকে ফখরুল ইসলামের একজন বন্ধু নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সপ্তাহ দুয়েক আগে ফখরুলের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তিনি বলেছিলেন, বিচ্ছেদর পর নতুন করে তাঁর সঙ্গে আরিফার সম্পর্ক ভালো হয়েছে। সম্পর্কই যদি ভালোই হবে, তাহলে ফখরুল খুন করতে গেল কেন, সে বিষয়টিই তিনি মেলাতে পারছেন না।