গুলশানের দম্পতি খুনের ঘটনায় জামিন নিয়ে পলাতক আসামি মিথুন ও রুবেলের গ্রেপ্তারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৩ মার্চের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। এ ছাড়া জালিয়াতির মাধ্যমে জামিনের আবেদন করায় কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা সাত দিনের মধ্যে হলফকারী মিজানুর রহমানকে জানাতে বলা হয়েছে। মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত বছরের ২৪ মার্চ গুলশানের কালাচাঁদপুরের ব্যবসায়ী সাদিকুর রহমান ও তাঁর স্ত্রী রুমানা নার্গিসকে রুবেল ও তাঁর বন্ধু মিথুন বাড়িতে গিয়ে গুলি করে হত্যা করেন। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। ভুয়া ও বিকৃত তথ্য দিয়ে হাইকোর্ট থেকে জামিন নিয়ে উভয়েই লাপাত্তা রয়েছেন। জামিনের আবেদনে অসংগতি ও জালিয়াতির বিষয়টি নজরে আনা হলে ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট তাঁদের জামিন বাতিল করেন। জামিন আবেদনের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী মুনিরুল ইসলাম ও মনির হোসেনকে সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছিলেন হাইকোর্ট। গতকাল বিষয়টি শুনানির দিন ছিল।