আসামি গ্রেপ্তারে বাধাদান, পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি গ্রেপ্তার করে থানায় আনার পথে আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকত এলাকায় পুলিশের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্যকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত ১১টার দিকে পারকি বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, কর্ণফুলী থানার পুলিশের উপপরিদর্শক অচিন্ত্যর নেতৃত্বে সাত পুলিশ সদস্য সোমবার রাতে পারকি সমুদ্রসৈকত এলাকা থেকে দুই চোরাকারবারিকে আটক করেন। তাঁরা হলেন জালাল উদ্দিন শাহ ও মো. সেলিম। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল ইসলাম জানান, দুজনকে আটক করে থানায় নিয়ে আসার সময় পারকি বাজারে চোরাকারবারি ও স্থানীয় লোকজন পুলিশের গাড়ির গতি রোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পাঁচ পুলিশ সদস্য আসামিদের নিয়ে থানার দিকে চলে যান। এ সময় এসআই অচিন্ত্য ও এক কনস্টেবলকে আটকে ফেলেন স্থানীয় লোকজন। তাঁদের দুজনকে মারধর করা হয় বলে জানা গেছে। পরে কর্ণফুলী থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের কর্তব্য কাজে বাধাদানের অভিযোগে একটি মামলা হয়েছে বলে ওসি জানান।