নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের কুতুবপুর গ্রামের লিটন মিয়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এসব কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বেলা একটায় লিটন মিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্থানীয় লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিভিন্ন প্ল্যাকার্ড, প্রচারপত্র ও ব্যানার নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে মানববন্ধন করেন তাঁরা।
এতে লিটন মিয়ার স্ত্রী হালিমা আক্তার, ছেলে লিয়ন মিয়া (৭) এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বেলা দেড়টায় সোনারগাঁ ও বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে এসে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে চলে যান।
পরে কিউট পল্লির সামনে প্রতিবাদ সভা হয়। সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুইয়া, আওয়ামী যুব আইনজীবী পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফজলে রাব্বি, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক খোকন সাহা, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, পুলিশের সঙ্গে সুসম্পর্ক থাকায় আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। এ অবস্থায় আগামী সাত দিনের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে সভায় ঘোষণা দেওয়া হয়।
ঠিকাদারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গত ২৬ অক্টোবর কাঁচপুরের কুতুবপুর গ্রামের বাসিন্দা লিটন মিয়াকে অপহরণের পর হাত ও পায়ের রগ কেটে হত্যা করা হয়।
এ ঘটনায় লিটন মিয়ার বড় বোন রাশিদা আক্তার বাদী হয়ে কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বি এম ডালিমসহ ২৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।