আসামি গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নৌ প্রকৌশলী আলেক মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি পালন করেছেন ফিশিং জাহাজে কর্মরত নাবিকেরা।
গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেরিন ফিশারিজ একাডেমির সাবেক ক্যাডেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্ণফুলী নদীতে অবস্থানরত নাবিকেরা এ কর্মবিরতি পালন করেন। একই সঙ্গে আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত জাহাজে কালো পতাকা উড্ডয়ন রাখার সিদ্ধান্ত হয়।
গত ২৭ জুলাই কর্ণফুলী নদীতে নৌকা পারাপারের সময় নৌ প্রকৌশলী আলেক মিয়াকে বাগ্বিতণ্ডার জের ধরে মাথায় আঘাত করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ দুই মাঝির বিরুদ্ধে। এ ঘটনায় নিহত প্রকৌশলীর বাবা বাদী হয়ে নগরের সদরঘাট থানায় নৌকার মাঝি আবদুল মান্নান ও তাঁর সহযোগী জসীমকে আসামি করে মামলা দায়ের করেন। কিন্তু কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ গতকাল দুপুরে প্রথম আলোকে জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।