সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল বাকি মির্জা হত্যা মামলার মূল আসামিকে গ্রেপ্তারের দাবিতে সিরাজগঞ্জের চিকিৎসক সংগঠন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আরও চার দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেনারেল হাসপাতালসহ জেলার সব হাসপাতাল ও অফিসে কর্মবিরতি পালন করা হবে। গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল চত্বরে সমাবেশ করা হয়। এতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা যোগ দেন। সমাবেশে সিরাজগঞ্জের সিভিল সার্জন আবদুর রাজ্জাক, চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে বিএমএ সিরাজগঞ্জ শাখার সভাপতি জহুরুল হক রাজা প্রমুখ বক্তব্য দেন। এ সমাবেশ থেকে চার দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। বক্তারা বলেন, বাকি মির্জা হত্যাকাণ্ডের পর এক সপ্তাহের বেশি অতিবাহিত হলেও পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন ও খুনিকে গ্রেপ্তার করতে পারেনি। তাই তাঁরা নতুন করে কর্মসূচি দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ১৬ এপ্রিল দুপুরে সিরাজগঞ্জের জেলা প্রশাসন চত্বরের অদূরে ডরমেটরি থেকে চিকিৎসক বাকি মির্জার লাশ উদ্ধার করা হয়।