আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিমানবন্দর থানা এলাকার সাহেবের বাজারে সন্ত্রাসী হামলায় নিহত মাশুক মিয়ার হত্যাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে নগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বাজার এলাকার কয়েক গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার সকালে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘মাশুক স্মৃতি পরিষদ’ ব্যানারে মানববন্ধনটি হয়। এর আগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাহেবের বাজারে গত ২৯ আগস্ট সকালে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সঙ্গে স্থানীয় একটি সামাজিক সংগঠনের লোকজনের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে থাকা অপর একটি সামাজিক সংগঠনের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাশুক মিয়া (২৬) নিহত হন।
মানববন্ধন শেষে মাশুক স্মৃতি পরিষদের আহ্বায়ক মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে সমাবেশ হয়। বক্তারা মাশুক হত্যাকাণ্ডের পর প্রায় দুই সপ্তাহ পার হলেও এ ঘটনায় জড়িত কেউ গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। এ অবস্থায় পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করে ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, সংঘর্ষের পর পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে আহতাবস্থায় দুজনকে গ্রেপ্তার করা হয়। বািকদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।