কলেজছাত্রী দীপিকা ব্যানার্জির (২২) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ কলেজ মোড়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়েছে।
গতকাল বেলা ১১টায় কালীগঞ্জ শহরের কলেজ মোড়ে এলাকার লোকজন মানববন্ধন করেন। এতে বক্তৃতা করেন শিবুপদ বিশ্বাস, প্রশান্ত কুমার খাঁ ও নিহত দীপিকার পরিবারের সদস্যরা। পরে তাঁরা ঢাকা-খুলনা মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করেন। তাঁদের দাবি, অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করতে হবে।
পরে প্রশাসনের পক্ষ থেকে আসামি গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। প্রায় আধা ঘণ্টার এই অবরোধে সড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। এতে কিছু সময়ের জন্য যাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটে।
দীপিকা মৃত্যুর ২০ দিন পর আদালতের নির্দেশে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফরিদপুরের নগরকান্দা থানায় এই মামলা রেকর্ড করা হয়। দীপিকার বাবা সুকুমার ব্যানার্জি ফরিদপুর আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় দীপিকার স্বামী প্রদীপ ত্রিবেদী, শ্বশুর দিলীপ ত্রিবেদীসহ চারজনকে আসামি করা হয়েছে। পুলিশ ১ ফেব্রুয়ারি মামলা গ্রহণ করলেও আজও কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি।
দীপিকার পরিবারের অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত দীপিকার শ্বশুর দিলীপ কুমার ত্রিবেদী সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। যে কারণে পুলিশ তাঁদের মামলা নিতে আপত্তি জানায়। শেষে আদালতের নির্দেশে মামলা নিলেও এখনো আসামি গ্রেপ্তার করছে না।
বিয়ের মাত্র ২৬ দিন পর গত ৭ জানুয়ারি দীপিকা ব্যানার্জির মৃত্যু হয় তাঁর স্বামীর বাড়ি নগরকান্দা উপজেলার তালমা গ্রামে। দীপিকা ব্যানার্জি ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কলেজপাড়া এলাকার সুকুমার ব্যানার্জির মেয়ে। দীপিকা স্থানীয় মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। সুকুমার ব্যানার্জি অভিযোগ করেন, তাঁর মেয়েকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। আর স্বামীপক্ষের লোকজনের দাবি, দীপিকা আত্মহত্যা করেছে।