আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মছলন্দপুর গ্রামের বাসিন্দাদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। এ দাবিতে তাঁরা গতকাল রোববার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর এলাকায় বারদী-শান্তির বাজার সড়কের দুই পাশে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ১৫ জানুয়ারি পূর্বশত্রুতার জের ধরে মছলন্দপুর গ্রামের ব্যবসায়ী শফিকুল ইসলাম ও মনু মিয়ার ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। ওই গ্রামের মাদক ব্যবসায়ী হাবু মিয়া ও নুর মোহাম্মদের নেতৃত্বে এ হামলা হয়। হামলায় আহত ব্যক্তিরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) আছেন।
অভিযুক্ত হাবু মিয়া ও নুর মোহাম্মদ মুঠোফোনে বলেন, তাঁরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। তাঁদের কিছু সমর্থক এ ঘটনার সঙ্গে জড়িত। এ ব্যাপারে তাঁরা কিছু জানেন না।