রাজশাহীতে আদিবাসী ছাত্রনেতা বাবলু হেমব্রমের খুনের আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী কোর্ট চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে গতকাল রোববার বেলা ১১টার দিকে রাজশাহী কোর্ট চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশ শেষে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে রাজশাহী জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। এ ছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার ও ডিআইজির কাছে একই স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়। এ প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করে বরেন্দ্র হিউম্যান রাইটস ডিফেন্ডার্স, সম্মিলিত আদিবাসী নারী জোট ও ব্রতী।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডি, সদস্য ও আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার শাও, বরেন্দ্র হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্সের আহ্বায়ক চিত্তরঞ্জন সরদার, রাজশাহী ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট আবদুস সামাদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ।
সমাবেশে বক্তারা রাজশাহীসহ বিভিন্ন জেলার আদিবাসীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, প্রতিনিয়ত আদিবাসীদের ওপর চলছে নির্যাতন, খুন, ধর্ষণ, জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি। মেধাবী ছাত্রনেতা বাবলু হেমব্রমের খুনের তিন দিন পার হয়ে গেলেও খুনের রহস্য উদ্ঘাটিত হয়নি। তাঁরা হত্যার প্রতিবাদ, আসামিদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর গ্রামে নিজ বাসায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাবলু হেমব্রমকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁর বাবার নাম মহেশ হেমব্রম। বাবলু এবার রাজশাহী কলেজ থেকে সমাজবিজ্ঞান বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। তিনি সান্তাল স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।