সিলেটের তরুণ ব্যবসায়ী-প্রকৌশলী মেহরান সিদ্দিকী হত্যা মামলার আসামি ১৫ দিনেও গ্রেপ্তার না হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ‘সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন’ সিলেটের নেতারা। গতকাল সোমবার জেলা প্রশাসক ও মহানগর পুলিশের কমিশনারের মাধ্যমে স্মারকলিপি পাঠানো হয়।সিলেট নগরের শিবগঞ্জের বাসিন্দা জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকীর ছেলে মেহরানকে ৯ ডিসেম্বর রাতে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। প্রকাশ্যে এ হত্যাকাণ্ডের এক সপ্তাহ পরও খুনি গ্রেপ্তার না হওয়ায় গঠন করা হয় ‘সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন’ কমিটি। কমিটি গত বুধবার নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ করে।সমাবেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন। এ সময়সীমা পার হওয়ায় প্রতিরোধ আন্দোলনের নেতারা জরুরি সভায় মিলিত হয়ে পরবর্তী আন্দোলন কর্মসূচির শুরুতে গতকাল স্মারকলিপি পেশ করেন।