আসামি গ্রেপ্তারের পর বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলি ইউনিয়নে ধর্ষণের শিকার হওয়া তরুণীর (১৮) পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তরুণীর মা গত সোমবার মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডিতে অভিযোগ করা হয়েছে, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার লিটনের পক্ষের লোকজন তরুণীটির পরিবারকে মামলা উঠিয়ে নিতে হুমকি দিচ্ছে। তরুণীটির মা অভিযোগ করেন, লিটনকে গ্রেপ্তারের পর তার বড় ভাই নাজিম উদ্দিন ও বাবা মিন্টু মিয়া ড্রাইভার মামলা তুলে নিতে বলছেন। তা না-হলে ধর্ষণের শিকার তরুণী ও তাঁর পরিবারকে গ্রামছাড়া করা হবে। তা ছাড়া তাঁদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে বলে জিডিতে অভিযোগ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে থানার এক কর্মকর্তা জানান, মামলাটি পক্ষে নিতে লিটনের লোকজন সরকারের উচ্চপর্যায়েও তদবির করছে। এমনকি প্রধানমন্ত্রীর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও লিটনের পক্ষে কাজ করছেন। তবে পুলিশের ওই কর্মকর্তা নিজের ও প্রধানমন্ত্রীর দপ্তরের ওই কর্মকর্তার পরিচয় দিতে অস্বীকার করেছেন। মিরসরাই থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাহবুব মিল্কি জানান, জিডিতে তরুণীর মা যে অভিযোগ করেছেন তার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, ইসলামপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে লিটন বিয়ের প্রলোভন দেখিয়ে একই গ্রামের দরিদ্র পরিবারের ওই তরুণীকে ধর্ষণ করে। পরে তিনি গর্ভবতী হয়ে পড়লে লিটন তাঁকে বিয়ে করতে অস্বীকার করে।