হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিবজয়নগর এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় চার এএসআইসহ পুলিশের আট সদস্য আহত হয়েছেন। ঘটনার সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন রশিদ মিয়া নামের একজন।
এ উপজেলায় আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের ছয় সদস্য আহত হওয়ার আট দিনের মাথায় এ ঘটনা ঘটল। আগের ঘটনাটি ঘটেছিল উপজেলার গাজীপুর গ্রামে গত ২৩ জানুয়ারি। এদিন মধ্য রাতে পুলিশকে মারধর করে দ্রুতবিচার আইনের মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন প্রথম আলোকে বলেন, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের চান মিয়ার ছেলে তৌহিদের (২৯) বিরুদ্ধে ডাকাতিসহ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাত তিনটার দিকে উপজেলার শিবজয়নগর গ্রাম থেকে আসামি তৌহিদকে আটক করে। কিন্তু চলে আসার সময় ১৫-১৬ জনের একদল দুর্বৃত্ত পুলিশের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তৌহিদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
হামলায় আহত পুলিশের আটজনের মধ্যে চারজনই সহকারী উপপরিদর্শক (এএসআই)। তাঁরা হলেন মাহবুবুল আলম, রায়হান হোসেন, নাজমুল আলম ও সুখলাল। অপর চারজন হলেন পুলিশ কনস্টেবল নিপেশ চন্দ্র ধর, জামাল উদ্দিন, আরিফ মোহাম্মদ ও ডালিম। সবাইকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, ঘটনার সময় আত্মরক্ষার্থে পুলিশ দুটি গুলি ছোড়ে। এ সময় গুলিতে আহত হন রশিদ মিয়া (৩২)। গলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া রশিদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাতেই পুলিশ পাহারায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি মোকতাদির বলেন, হামলার ঘটনার পর পুলিশ সাতপাড়িয়া গ্রাম থেকে গুলিবিদ্ধ রশিদ ছাড়াও তৌহিদ (২৯), মাহফুজ মিয়া (৫০), তাহের মিয়া (৩০), আলমগীর (২৬) ও বাবুল মিয়া (৩০) নামের পাঁচজনকে আটক করে। তাঁদের বিরুদ্ধে থানার এসআই মমিনুল গতকাল বুধবার মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়।