আসামি ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে দলীয় সদস্যদের থানা ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবসরপ্রাপ্ত একজন পুলিশ উপপরিদর্শককে (এসআই) নির্যাতনের মামলার আসামি ছাত্রলীগের সরিষাবাড়ী ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানকে গতকাল শুক্রবার রাত আটটার দিকে সরিষাবাড়ী রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে ছাড়িয়ে নিতে দলের দুই শতাধিক নেতা-কর্মী রাতেই সরিষাবাড়ী থানা ঘেরাও করেন।সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের কাছে গত বুধবার রাতে মুক্তিযোদ্ধা ও পুলিশের অবসরপ্রাপ্ত এসআই ও আব্দুর রহমান সন্ত্রাসী হামলার শিকার হন। হামলাকারীরা পিটিয়ে তাঁর মাথা ফাটায় এবং হাত-পা ভেঙে দেয়। তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় আব্দুর রহমান মাহমুদুল হাসান এবং তাঁর দুই সহযোগী শিহাব ও মনসুরকে আসামি করে গতকাল সকালে সরিষাবাড়ী থানায় একটি মামলা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তারের পরপরই মাহমুদুলকে ছাড়িয়ে নিতে দলীয় নেতা-কর্মী থানা ঘেরাও করে মাহমুদুলের মুক্তির দাবিতে স্লোগান দেন এবং হট্টগোল করেন। তাঁরা থানার ওসিকে অবরুদ্ধ করে রাখেন। রাত পৌনে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নেতা-কর্মীরা থানা ঘেরাও করে রেখেছেন। রাতে কয়েক দফা টেলিফোন করেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা স্থানীয় সাংবাদিকদেরও থানায় যেতে দেননি।এ ব্যাপারে জামালপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি একজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের ঘটনায় বিক্ষুব্ধ কিছু নেতা-কর্মী থানায় ঢুকেছে। বিষয়টি নিয়ে পরে আপনাদের জানানো হবে।’