আসামি ছাড়াতে থানায় গিয়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতা আটক
ঝিনাইদহের মহেশপুরে ডাকাতি মামলার আসামি ছাত্রলীগের এক কর্মীকে ছাড়াতে থানায় তদবির করতে গিয়ে গত রোববার রাতে আটক হন উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের দুই সভাপতি। গতকাল সোমবার সংগঠনের নেতা-কর্মীদের থানা ঘেরাও ও বিক্ষোভের মুখে পুলিশ তাঁদের ছেড়ে দিতে বাধ্য হয়।পুলিশ সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার কাগমারী গ্রামের একটি বাড়িতে সম্প্রতি ডাকাতি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা যুবলীগের কর্মী সামাউল হকসহ তিনজনকে গত শনিবার রাতে আটক করে পুলিশ।পুলিশের এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে আটক তিনজন ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এরপর ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল তাঁদের আদালতে হাজির করলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, সামাউলকে ছাড়িয়ে নিতে গত রোববার সকালে থানায় যান উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ। পুলিশ তাঁদের জানায়, আটক হওয়া ব্যক্তিদের ছাড়া হবে না। পরে রাতে ওই দুই নেতা আবারও থানায় গিয়ে সামাউলকে ছাড়ার জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করতে থাকেন। একপর্যায়ে পুলিশ তাঁদের দুজনকে আটক করে। ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে আটকের প্রতিবাদে গতকাল সকালে দুই সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা টায়ার জ্বালিয়ে ও লাঠিসোঁটা নিয়ে থানার সামনে অবস্থান নেন। বিক্ষোভকারীরা শহরে সব ধরনের যানচলাচল বন্ধ করে দেন। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা দুই ঘণ্টার আল্টিমেটাম দেন। পরে দুপুর ১২টার দিকে তাঁদের ছেড়ে দেয় পুলিশ।