আসামি ছিনতাই, পরে...
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় হত্যা মামলার এক আসামিকে পুলিশের কাছ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে একদল গ্রামবাসী ছিনিয়ে নেয়। পরে আবার তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।ওই আসামির নাম মো. জাকির হোসেন (৩১)। তাঁর বাড়ি উপজেলার আঁধারমানিক গ্রামে। তিনি উপজেলার চর রমাজানবেগ গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন হত্যা মামলার আসামি। গজারিয়া থানার এসআই আ. মান্নান ফকির বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে জাকিরকে উপজেলার বটতলা খেয়াঘাটে গ্রেপ্তার করা হয়। একপর্যায়ে একদল গ্রামবাসী পুলিশের কাছ থেকে জাকিরকে ছিনিয়ে নেয়।পরে গত রাত পৌনে নয়টার দিকে স্থানীয় ইমামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনসুর আহমেদ ও স্থানীয় মুরব্বিরা জাকিরকে আটক শেষে পুলিশে সোপর্দ করেন। মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের মার্চে ট্রলারের মাঝি ইসমাইলকে নৌকা ভাড়া নেওয়ার কথা বলে একদল দুর্বৃত্ত বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় ওই সময় তাঁর স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা করেন।