আসামি ছিনতাই
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়ুয়া গ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যায় মাদকের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে গেলে স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা চালান। এতে বালিয়াডাঙ্গী থানার ওসিসহ পুলিশের চার সদস্য আহত হন।রাতে ঠাকুরগাঁও জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দশজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আটজনকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাড়ুয়া গ্রামের ফেনসিডিল ব্যবসায়ী আকতাফুলের নামে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরই পরিপ্রেক্ষিতে গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বালিয়াডাঙ্গী থানার ওসি সফির উদ্দিনের নেতৃত্বে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ আকতাফুলকে গ্রেপ্তার করে। পরে বাড়িতে তল্লাশি চালানোর একপর্যায়ে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। তাঁরা পুলিশ সদস্যদের মারপিট করে আকতাফুলকে ছিনিয়ে নেন। বালিয়াডাঙ্গী থানার ওসি সফির উদ্দিন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় বালিয়াডাঙ্গী থানার এসআই আবদুল আজিজ বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া বাকি দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই গতকাল তাঁদের আদালতে হাজির করা হয়নি বলে ওসি জানিয়েছেন।