আসামি ছিনতাই
রংপুরে পুলিশকে মারধর করে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছে জনতা। গত মঙ্গলবার বিকেলে শহরের পশ্চিম নীলকণ্ঠ এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, মেডিকেল পূর্ব গেট ও নীলকণ্ঠ এলাকার মধ্যে সংঘর্ষের জের ধরে মেডিকেল পূর্ব গেটের ভোলা মিয়া নামের এক ব্যক্তি খুন হন গত ১৬ ফেব্রুয়ারি রাতে। এ ব্যাপারে ভোলার স্ত্রী দিল জাহান বাদী হয়ে আতোয়ার রহমান ওরফে আতোয়ার দেওয়ানীকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন। এর পর থেকে আসামিরা পালিয়ে যায়। মঙ্গলবার কোতোয়ালি থানার পুলিশ পশ্চিম নীলকণ্ঠ এলাকায় অভিযান চালিয়ে আতোয়ার রহমানকে (৪৮) গ্রেপ্তার করেন। এরপর হাতকড়া পরিয়ে তাঁকে থানায় নিয়ে আসার সময় এলাকার মহিলা-পুরুষ একজোট হয়ে পুলিশকে মারধর করে আতোয়ারকে ছিনিয়ে নেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।