আসামি ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে হাতকড়াসহ বখাটে বাবু মিয়াকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ তাঁর বাবা ও এক ভাইকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। গত শুক্রবার তারাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘বখাটে বাবু মিয়াকে (১৯) আটক করার পর হাতকড়া লাগানো হলে পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন বাদী হয়ে বাবুর বাবা ওমর আলী (৪৩) ও তাঁর ভাই সোহেল রানাসহ (২৪) অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ বাবু মিয়াকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১২ জুন স্কুল থেকে বাড়ি ফেরার সময় তারাগঞ্জ সোনালী ব্যাংকের মোড়ে বাবু মিয়া সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে পথরোধ করে তাকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ওই দিনই থানায় বাবু মিয়ার বিরুদ্ধে মামলা করেন।প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় এসআই সিদ্দিক হোসেনসহ তিনজন পুলিশ বাবু মিয়াকে তারাগঞ্জ বাজারের চৌপথির মোড় জামে মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করে হাতকড়া লাগায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে তিনি পালিয়ে যান। এ ঘটনায় ওই রাতেই পুলিশ তাঁর বাবা ও ভাইকে উপজেলার কুর্শা কান্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গতকাল তাঁদের রংপুর কারাগারে পাঠানো হয়।