আসামি জহিরুল দুদিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে কলেজশিক্ষক কৃষ্ণা কাবেরী বিশ্বাস হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামি কে এম জহিরুল ইসলামকে গতকাল রোববার দুই দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
কৃষ্ণা কাবেরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জহিরুল ইসলাম গত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। সেদিন এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক দেলোয়ার হোসেন আসামি জহিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। গতকাল শুনানির ধার্য তারিখে কারাগার থেকে জহিরুলকে আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ রাশেদ তালুকদার রিমান্ডের আবেদনের শুনানি শেষে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, ঘটনার পর জহিরুল ইসলাম পালিয়েছিলেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
নিহত কৃষ্ণা কাবেরীর স্বামী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক সিতাংশু শেখর বিশ্বাস। ওই ঘটনায় তিনি ও তাঁর দুই মেয়ে আহত হয়েছিলেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, তিনি ও তাঁর মেয়েরা বর্তমানে সুস্থ আছেন। জহিরুল তাঁর পূর্বপরিচিত ও গুলশানের একটি ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপক। তাঁকে দিয়ে শেয়ারবাজারে টাকা বিনিয়োগ করিয়েছিলেন। জহিরুল কী কারণে সপরিবারে তাঁকে হত্যা করতে চেয়েছিলেন তা তিনি বুঝে উঠতে পারছেন না।
মামলা ও কৃষ্ণা কাবেরীর পারিবারিক সূত্রমতে, গত ৩০ মার্চ রাতে সিতাংশু শেখর বিশ্বাসকে কেক ও ফুল নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় যান সিতাংশুর পূর্বপরিচিত কে এম জহিরুল ইসলাম। জহিরুল একপর্যায়ে সিতাংশু (৪৮), তাঁর স্ত্রী কৃষ্ণা কাবেরী (৩৫) ও দুই মেয়ে শ্রোভনা বিশ্বাস (১৫) ও অদিতিয়া বিশ্বাসকে (৮) হাতুড়িপেটা করে বাসায় আগুন ধরিয়ে দেন। ওই ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ কৃষ্ণা কাবেরী পরে মারা যান। তিনি আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক ছিলেন।