আসামি জাফরান আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলার আসামি জাফরান হাসানকে আবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আমিনুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ ফজলুর রহমান গত ২৭ অক্টোবর জাফরান হাসানকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে গতকাল রিমান্ড বিষয়ে শুনানির দিন ধার্য করেছিলেন। গতকাল শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, জাফরান এর আগে রিমান্ডে অনেক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল। আসামির দেওয়া তথ্য যাচাই-বাছাই ও প্রকৃত রহস্য উদ্ঘাটনে আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। এ মামলায় এখন পর্যন্ত মোট আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বের হওয়ার পর টিএসসির কাছে সোহরাওয়ার্দী উদ্যান-সংলগ্ন ফুটপাতে খুন হন অভিজিৎ রায়।