আসামি জামাল, জেলে মাইজুল!
কুমিল্লায় একটি মাদক মামলায় প্রায় তিন মাস ধরে জামাল হোসেন (৪০) নামের একজনের পরিবর্তে জেল খাটছেন মাইজুল হক নামের আরেক ব্যক্তি। পারস্পরিক আপসরফার মাধ্যমেই মাইজুল জেল খাটছেন বলে সরকারি কৌঁসুলি নিশ্চিত করেছেন।মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১০ সালের ৮ এপ্রিল কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের বাসিন্দা জামাল হোসেনের ঘর থেকে ৪৭ কেজি গাঁজাসহ তিনজন আটক হয়। ওই ঘটনায় র্যাব জামাল ও ওই তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে। ১৩ ডিসেম্বর কুমিল্লার দুই নম্বর আমলি আদালতে নিজেকে জামাল হিসেবে পরিচয় দিয়ে আত্মসমর্পণ করতে আসেন মাইজুল। তাঁর বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই এলাকায়। বিষয়টি ধরা পড়লে মাইজুল তা স্বীকারও করেন। এর পর থেকে প্রতারণার অভিযোগে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী।কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মো. মজিবুর রহমান বলেন, ‘আমার গ্রামের বাড়িও বুড়িচং উপজেলায়। জামাল ওই এলাকার একজন চিহ্নিত চোরাকারবারি। জামাল সেজে মাইজুল আদালতে আত্মসমর্পণ করলে বিষয়টি আমার চোখে পড়ে। আমি আদালতকে তা জানাই। আদালত বিষয়টি আমলে নিয়ে মাইজুলকে কারাগারে পাঠান। তবে মূল আসামি জামাল এখনো ধরা পড়েনি।’পিপি আরও জানান, মাদকের মামলায় প্রায়ই এ ধরনের প্রতারণার কথা শোনা যায়। অর্থের বিনিময়ে ঝুঁকি নিয়ে এসব অপরাধী একজন আরেকজনের হয়ে আদালতে হাজিরা বা পুলিশের কাছে ধরা দেয়।মামলার বিবাদীপক্ষের সাবেক আইনজীবী নোমানুল হক সরকার বলেন, ‘বিবাদীপক্ষ প্রতারণা করায় আমি মামলা থেকে সরে দাঁড়িয়েছি।’