আসামি তানভীরের জামিন আবেদন ফেরত হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার আসামি তানভীর রহমানের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার আবেদনটি ফেরত দেন।

আদালতে তানভীরের পক্ষে শুনানি করেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। তিনি প্রথম আলোকে বলেন, এক বিচারপতি ব্যক্তিগত অসুবিধার কারণে আবেদন শুনতে অপারগতা প্রকাশ করে ফেরত দেন। এখন অন্য বেঞ্চে আবেদন নিয়ে যাওয়া হবে।

৯ ফেব্রুয়ারি তানভীর রহমানের বাবা জামিন বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনে আবেদন করেন। এরপর ১৩ জুলাই আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের পক্ষে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। ওই দিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানির এখতিয়ারসম্পন্ন কোনো বেঞ্চে আবেদন করতে বলেন। এর ধারাবাহিকতায় বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের এই বেঞ্চে জুলাইয়ের শেষ সপ্তাহে আবেদনটি উপস্থাপন করা হয়।

আইনজীবীরা জানান, ২০১২ সালের ১ অক্টোবর তানভীর রহমানকে আটক করা হয়। তিনি নিহত দম্পতির বন্ধু ছিলেন। ওই বছরের ১০ অক্টোবর থেকে তিনি কারা হেফাজতে আছেন। বর্তমানে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রয়েছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে সাগর সরওয়ার ও মেহেরুন রুনির লাশ উদ্ধার করে পুলিশ।