আসামি তারেক সাঈদ ঢাকা মেডিকেলে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি ও র‍্যাব-১১-এর চাকরিচ্যুত অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদকে গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম প্রথম আলোকে বলেন, তারেক সাঈদ বুকে ও কোমরে ব্যথা অনুভব করায় চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকের পরামর্শেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলেছে, গতকাল বেলা দেড়টার দিকে কারারক্ষী এমদাদুল হক অ্যাম্বুলেন্সে করে তারেক সাঈদকে নিয়ে হাসপাতালের বহির্বিভাগে আসেন। পরে চিকিৎসক তাঁকে দেখে নিউরো সার্জারি বিভাগের একজন সহযোগী অধ্যাপকের অধীনে ভর্তির পরামর্শ দেন। হাসপাতালের তৃতীয় তলার একটি কেবিনে তাঁকে ভর্তি করা হয়।

সন্ধ্যায় হাসপাতালে গিয়ে দেখা যায়, দুজন কারারক্ষী ওই কেবিনের দরজায় পাহারায় রয়েছেন। ঢাকা মেডিকেলের কাগজে উল্লেখ করা হয়েছে, তারেক সাঈদ মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। শীতলক্ষ্যা নদী থেকে ৩০ এপ্রিল ছয়জনের ও ১ মে অপর একজনের লাশ উদ্ধার করা হয়। তদন্তে এই হত্যার সঙ্গে র‍্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ ও আরও কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। ওই ঘটনার পর সেনাবাহিনী থেকে তারেককে চাকরিচ্যুত করা হয়। তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।