আসামি তারেককে জিজ্ঞাসাবাদ, আলামত খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন খতিবেরহাট এলাকায় দুই শিশুসন্তানসহ মাকে খুনের ঘটনার একমাত্র আসামি তারেক চৌধুরীকে চার দিনের হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার জিজ্ঞাসাবাদকালে পুলিশ একটি আলামত ও ১৬৪ ধারায় তারেকের দেওয়া জবানবন্দির বিভিন্ন তথ্যের বিষয়ে জানতে চান। এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসির আহমেদের আদালতে পুলিশ তারেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘১৬৪ ধারায় তারেকের দেওয়া জবানবন্দির বিভিন্ন তথ্য আমরা যাচাই করে দেখছি। তারেক খুবই ধূর্ত। প্রথম দিন (বুধবার) খুনের ঘটনা অস্বীকার করলেও পরে স্বীকার করে সে-ই খুন করেছে। আমরা তার রক্তমাখা লুঙ্গিটিও খুঁজছি। এটি মামলার গুরুত্বপূর্ণ আলামত।’প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় দুই শিশুসন্তান আলভি ও পায়েলসহ ডলি আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। খতিবেরহাট এলাকার মা-মনি ভিলা নামের পাঁচতলার বাসায় এই নৃশংস খুনের ঘটনা ঘটে। গৃহশিক্ষক তারেক চৌধুরী গত ২৬ অক্টোবর এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। আগের দিন ২৫ অক্টোবর তাঁকে ফাঁদে ফেলে গ্রেপ্তার করে পুলিশ।